বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন অথনৈতিক সূচকের ঊর্ধ্বগতি, তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা ও ইউক্রেন সংকটই পণ্যটির দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে বিশ্লেষকেরা মনে করেন।
আগামী মে মাসে সরবরাহ করা হবে এমন তেলের দাম গত শুক্রবার নিউইয়র্কভিত্তিক কেনাবেচায় ব্যারেলপ্রতি ৩৯ সেন্ট বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। লন্ডনভিত্তিক কেনাবেচায়ও মে মাসে সরবরাহ হতে যাওয়া তেলের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বেড়ে ১০৮ ডলার ছাড়িয়ে গেছে। খবর বাসস ও এএফপির।
এদিকে মার্কিন সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে এসে তাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে বেশি।
বিশ্ববাজারে তেলের মূল্য বাড়ার পেছনে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে শেল কোম্পানি নাইজেরিয়ার বৃহৎ পাইপলাইনে নাশকতা ও তেল রপ্তানি সাময়িক বন্ধের ঘোষণা দেওয়ার পর এ আশঙ্কা তৈরি হয়।
এ ছাড়া ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তাতেও তেলের দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।