বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত মার্চ থেকে মে মাসের মধ্যে চাল, ভোজ্যতেল, গম ও চায়ের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সেই সব দেশ, যারা এগুলো আমদানি করে চাহিদা মেটায়।

আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির এ প্রবণতা বাংলাদেশের জন্যও দুশ্চিন্তার বিষয়। কারণ, বাংলাদেশও ভোজ্যতেল ও গমের সিংহভাগ চাহিদা আমদানি করে পূরণ করে। সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছে চাল আমদানিরও। পাশাপাশি চায়ের চাহিদার কিছু অংশও আমদানি করতে হয়।

অবশ্য সরকারের জন্য সুসংবাদও আছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, এতে আমদানির খরচ কমবে। অন্যদিকে সারের দাম কমায় সরকারের ভর্তুকি কমানোর সুযোগ তৈরি হবে। সোনার দাম কমায় খুশি হবে গয়না কিনতে পছন্দ করা মানুষ। অবশ্য দেশে সোনার দাম কমার বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) ওপর।

বিশ্বব্যাংক প্রতি মাস শেষে বিশ্ববাজারের প্রধান প্রধান পণ্যের দামের হিসাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বিশ্বের প্রধান প্রধান বাজারের চিত্র তুলে ধরা হয়। মে মাসের পণ্যের দামের প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

বিশ্বব্যাংকের হিসাবে দেখা যায়, থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের দাম কিছুটা বেড়েছে। গত মার্চে থাইল্যান্ডে প্রতি টন ৫ শতাংশ ভাঙা চালের দাম ছিল ৩৭০ ডলার, যা মে মাসে গড়ে ৪২১ ডলারে উঠেছে। একই সময়ে ২৫ শতাংশ ভাঙা চালের দাম ৩৬৪ ডলার থেকে বেড়ে ৩৯৯ ডলার হয়েছে। তবে ভিয়েতনামে দাম বেড়েছে সামান্য। ৫ শতাংশ ভাঙা চাল এখন টনপ্রতি ২ ডলার বেড়ে ৩৪৫ ডলারে বিক্রি হচ্ছে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। গমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। যুক্তরাষ্ট্রের সাধারণ গমের দাম মার্চ মাসে ছিল টনপ্রতি ১৫৪ ডলার, মে মাসে সেটা ১৮১ ডলারে উন্নীত হয়েছে। ভুট্টার দামে বিশেষ কোনো হেরফের হয়নি।

বিশ্বব্যাংক জানায়, গত মার্চ মাসে সয়াবিন তেলের দাম টনপ্রতি ৮১২ ডলার ছিল, তা এপ্রিলে কমে ৭৯১ ডলারে নেমে আসে। মে মাসে বেড়ে আবার তা টনপ্রতি ৮২৭ ডলারে উঠেছে। একই প্রবণতা ছিল পাম তেলের বাজারেও। এপ্রিলে পাম তেলের দাম টনপ্রতি ৬৮৫ ডলারে নেমেছিল, তা আবার ৭২৪ ডলারে উঠেছে। অবশ্য আস্ত সয়াবিনের দাম বাড়েনি।

বিশ্বব্যাংক জানিয়েছে, মার্চে বিশ্ববাজারে প্রতি টন চিনির দাম ৪০০ ডলার ছিল, এখন সেটা ৩৫০ ডলারে নেমেছে। এর আগেও চিনির বাজার পড়তি ছিল। অবশ্য তার সুফল বাংলাদেশে ক্রেতারা পাননি। দেশের বাজারে রোজাকে কেন্দ্র করে চিনির দাম কেজিপ্রতি ১২ টাকার মতো বেড়েছে। ভারতের কলকাতায় নিলামে চায়ের দাম গত তিন মাসে টনপ্রতি গড়ে ৮৯০ ডলার বেড়েছে। মার্চে সেখানে প্রতি টন চায়ের দাম ছিল ১ হাজার ৭০০ ডলার, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯০ ডলার।

এপ্রিলের তুলনায় মে মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার কমে ৫০ ডলার, সোনার দাম আউন্সপ্রতি ২১ ডলার কমে ১ হাজার ২৪৬ ডলারে নেমেছে। অবশ্য এ পড়তি দর আবার ঘুরে দাঁড়াতে পারে। বিশ্বব্যাংক গত ১৭ এপ্রিল পণ্যমূল্য নিয়ে ত্রৈমাসিক একটি পূর্বাভাস প্রকাশ করে। সেখানে বলা হয়, চলতি বছর জ্বালানি তেলের দাম ২৪ শতাংশ ও পরের বছর ৮ শতাংশ বাড়তে পারে। তবে শস্যের দাম মোটা দাগে ৩ শতাংশ কমবে।