বিশ্ববাজারে প্রধান মুদ্রাগুলোর বিনিময় হারে ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার প্রায় ৮ পয়সা দরপতন ঘটেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭০ টাকা ৫৯ পয়সা থেকে ৭০ টাকা ৬৩ পয়সায় কেনাবেচা হয়। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ৭০ টাকা ৬২ পয়সা থেকে ৭০ টাকা ৬৫ পয়সায় লেনদেন হয়। মঙ্গলবার তা সর্বোচ্চ ৭০ টাকা ৬৫ পয়সায় কেনাবেচা হয়। বুধবার সপ্তাহের শেষ লেনদেনের দিন প্রতি ডলার ৭০ টাকা ৬৫ পয়সা থেকে ৭০ টাকা ৬৯ পয়সা পর্যন্ত কেনাবেচা হয়।ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন অর্থনীতির উত্থান-পতনের ফলে গত সপ্তাহের (১২-১৭ ডিসেম্বর) প্রথম দিকে ইউরোর দর বাড়লেও সপ্তাহ শেষে তা পড়ে যায়। সপ্তাহের শুরুতে সোমবার আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতি ইউরোর দর বেড়ে ১ দশমিক ৩২৯৮ ডলারে ওঠে।মঙ্গলবার প্রতি ইউরোর দর বেড়ে গত তিন সপ্তাহের সর্বোচ্চ ১ দশমিক ৩৫ ডলারের কাছাকাছি চলে যায়। তবে এরই মধ্যে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গত মাসের খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ার তথ্যে ডলারের বিপরীতে ইউরোর শক্তিমত্তা পুরোপুরি বজায় থাকেনি। অবশ্য খুচরা বিক্রির তথ্য ভালো হওয়ায় যুক্তরাষ্ট্রের বন্ডের অন্তর্নিহিত সুদের হারও অনেক বেড়ে যায়।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কোয়ান্টিটেটিভ ইজিংয়ের দ্বিতীয় পর্যায়ে ঘোষিত প্রায় ৬০ হাজার কোটি ডলারের সরকারি বন্ড কিনে নিয়ে বাজারে অর্থ সরবরাহ করার ঘোষণা পুনর্ব্যক্ত হওয়ায় তাদের মুদ্রা অর্থাৎ ডলারের দর জাপানি ইয়েনের বিপরীতে বেড়ে যায়। এ সময় প্রতি ডলার ৮৩ দশমিক ৬৯ ইয়েনে কেনাবেচা হয়।বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মিড-আটলান্টিক এলাকার ফ্যাক্টরি কর্মকাণ্ড বেড়ে যাওয়ার তথ্যে ডলারের দর ইউরো ও ইয়েনের বিপরীতে বেড়ে যায়।এদিকে শুক্রবার সুইস ফ্রাংকের বিপরীতে ইউরোর দর পড়ে যায়। এদিন প্রতি ইউরো ১ দশমিক ২৭৩৬ ফ্রাংকে বিক্রি হয়। সুইস ফ্রাংকের বিপরীতে মার্কিন ডলারও গত সপ্তাহে মার খায়। প্রতি ডলারের দর শূন্য দশমিক ৯৫৭১ ফ্রাংকে নেমে যায়।যা হোক, সপ্তাহ শেষে প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৫৩৪ ডলারে এবং প্রতি ডলার ৮৩ দশমিক ৯৪ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। এদিকে গত সপ্তাহে দেশে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। আগের দুই সপ্তাহে কলমানির সুদের হার ধীরে ধীরে বাড়লেও ১৫ ডিসেম্বর থেকে ব্যাংকগুলোতে নতুন বাড়তি নগদ সংরক্ষণের হার প্রযোজ্য হওয়ায় তাদের বাড়তি তহবিলের চাহিদা দেখা দেয়। এ কারণে কলমানির সুদের হার রেকর্ড সর্বোচ্চ ১৭৫ শতাংশে উঠে যায়। এর মধ্যে কলমানির সুদের হার গত সোমবার ৫০ শতাংশে, মঙ্গলবার ৫৮ শতাংশে এবং বুধবার ১৭৫ শতাংশে ওঠার রেকর্ড হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।