বিশ্ববাজারে বাড়ছে তুলার দাম
বিশ্ববাজারে আবার বাড়ছে তুলার দাম। চলতি বছরের প্রথম ছয় মাসে পণ্যটির দাম বেড়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ, যা আমদানিকারক দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।এ বছর জানুয়ারি মাসে যেখানে প্রতি পাউন্ড তুলার গড় দর ছিল সাড়ে ৮৫ সেন্ট, সেখানে জুন মাসে তা ৯৩ সেন্টে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে মার্চ মাসে এ বছরে সর্বোচ্চ গড় দর সাড়ে ৯৪ সেন্টে উন্নীত হয়। অবশ্য বছরের দ্বিতীয়ার্ধে তুলার দাম নিম্নগামী হবে বলে একাধিক আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছে।বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হলো বাংলাদেশ। মোট চাহিদার মাত্র ৩ শতাংশ দেশে উৎপাদিত তুলা থেকে মেটানো হয়। বাকি ৯৭ শতাংশ আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। আর আমদানির জন্য বাংলাদেশের প্রধান দুই উৎস হলো ভারত ও উজবেকিস্তান।যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে বাংলাদেশে এক লাখ ২০ হাজার বেল তুলা উৎপাদিত হবে; যা গত বছরের এক লাখ আট হাজার বেলের চেয়ে ১১ শতাংশ বেশি হবে। গত বছর বাংলাদেশ ৩৬ লাখ বেল তুলা আমদানি করেছিল। এবারেও সমপরিমাণ তুলা আমদানি হবে বলে প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে।বর্তমানে বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হলো চীন। গত বছর বিশ্ববাজারে তুলা আমদানির সাড়ে ৩০ শতাংশ হয়েছে চীন থেকে। এ বছরও চীন বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণে তুলা আমদানি করবে।অন্যদিকে ভারত সরকার তুলা রপ্তানির ওপর শুল্ক আরোপের কথা ভাবছে। এই শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে তুলা স্থিতিশীল তহবিল গঠনের পরিকল্পনার কথাও বলা হয়েছে। গত বছর ভারত এক কোটি ২০ লাখ বেল তুলা রপ্তানি করে। এ বছর তা কিছুটা কমে এক কোটি বেল হতে পারে।যদি চীনের আমদানি তেমন একটা না বাড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারদরেও বড় ধরনের উত্থান-পতন হবে না। অন্যদিকে ভারত থেকে রপ্তানি কমে গেলে বিশ্ববাজারে সরবরাহ কিছুটা কমবে। এটি আবার দামের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দর যা-ই হোক, বাংলাদেশের জন্য চিন্তার বড় কারণ হবে ভারত থেকে আমদানিতে যেকোনো ধরনের বাধা।তুলার সরবরাহ নিশ্চিত করতে ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবিত স্মারক অনুসারে, ভারত বছরে ১৫ লাখ বেল পর্যন্ত তুলা বাংলাদেশকে সরবরাহ করার নিশ্চয়তা দেবে। ভারত চায় বাংলাদেশ যে ১৫ লাখ বেল তুলা আমদানি করবে, তার নিশ্চয়তা। বাংলাদেশ তাতে সম্মত নয়। কেননা, তুলার দরের ওঠা-নামা ও অন্য উৎস থেকে ভালো মানের তুলা পাওয়া গেলে এই পরিমাণ তুলা ভারত থেকে আমদানির প্রয়োজন না-ও হতে পারে। এ ছাড়া এই তুলা আমদানি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে করতে হবে বলেও ভারত শর্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার ও আমদানিকারকেরা এতে সম্মত নন।আবার বাংলাদেশ চায় ভারত যদি তুলা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তা এই ১৫ লাখ বেল তুলার জন্য প্রযোজ্য হবে না। ভারত এ বিষয়ে কোনো সম্মতি দেয়নি। সমঝোতার বিষয়টি অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে।তবে উজবেকিস্তান থেকে বছরে দুই লাখ টন তুলা আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে তিনটি শর্তে দেশটি বাংলাদেশকে তুলা সরবরাহ করতে আগ্রহী। প্রথমত, বাংলাদেশে একটি গুদাম বা ‘ফ্রি ওয়্যারহাউস’ স্থাপন করা হবে। সেখান থেকে ঋণপত্রের বিপরীতে তুলা সরবরাহ করা হবে। দ্বিতীয়ত, যদি বাংলাদেশ সব তুলা ক্রয় না করে, তাহলে অবশিষ্ট তুলা অন্য দেশে রপ্তানি করার সুযোগ দিতে হবে। তৃতীয়ত, তুলার আমদানিকারক হতে হবে সরকারিভাবে নিবন্ধিত।জানা গেছে, ‘ফ্রি ওয়্যারহাউস’ স্থাপনের দিকগুলো বিচার-বিশ্লেষণ করে মতামত দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন অব এজেন্টস, ট্রেডার্স, গ্রোয়ার্স অ্যান্ড গিনার্সের সভাপতি মুহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘উজবেকিস্তান যেভাবে তুলা সরবরাহ করতে চায়, তা বাস্তবায়িত হলে আমদানি ব্যয় যেমন কমবে, তেমনি সময়ও লাগবে ন্যূনতম। আবার আমদানিকারকেরা পরিমাণ ও গুণ যথাযথভাবে যাচাই করে নিতে পারবেন। কোনো সমস্যা হলে দ্রুত নিষ্পত্তি করা যাবে। তা ছাড়া তুলা যেহেতু বাংলাদেশে এনে গুদামে সংরক্ষিত থাকবে, সেহেতু রপ্তানিকারকদের ওপরই একটা চাপ থাকবে তা বিক্রি করার। এতে দর-কষাকষির সুযোগও তৈরি হবে।’