বিশ্ববাজারে রপ্তানিশক্তি হতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল আয়োজিত বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়াজ টার্ন: পলিসিজ টু বুস্ট কম্পিটিটিভনেস অ্যান্ড ক্রিয়েট দ্য নেক্সট এক্সপোর্ট পাওয়ারহাউস’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যরা l প্রথম আলো
ঢাকার একটি হোটেলে গতকাল আয়োজিত বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়াজ টার্ন: পলিসিজ টু বুস্ট কম্পিটিটিভনেস অ্যান্ড ক্রিয়েট দ্য নেক্সট এক্সপোর্ট পাওয়ারহাউস’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যরা l প্রথম আলো

বিনিয়োগ পরিবেশের উন্নতির মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানিশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বাংলাদেশ। এ জন্য প্রতিযোগিতামূলক ব্যবসায় সক্ষমতা বাড়াতে হবে। আর দক্ষ জনশক্তি তৈরিতে কাজে লাগাতে হবে যুবসমাজকে। তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির নতুন নতুন খাত চিহ্নিত করতে হবে।
গতকাল সোমবার ‘সাউথ এশিয়া’স টার্ন: পলিসিস টু বুস্ট কম্পিটিটিভনেস অ্যান্ড ক্রিয়েট দ্য নেক্সট এক্সপোর্ট পাওয়ারহাউস’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্বব্যাংক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন বিশ্বব্যাংকের ট্রেড ও গ্লোবাল কম্পিটিটিভনেস প্র্যাকটিসের মুখ্য অর্থনীতিবিদ ভিনসেন্ট পলমেড।
প্রতিবেদনটিতে বাংলাদেশের জন্য চারটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো ব্যবসার পরিবেশ উন্নতি; বিশ্ব পণ্য সরবরাহ-ব্যবস্থায় আরও সম্পৃক্ত হওয়া; অর্থনীতিকে আরও জোরালো করা এবং কারখানার সক্ষমতা বাড়ানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনে পণ্য উৎপাদন ব্যয় ১০ শতাংশ বাড়লে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি প্রায় ৮ শতাংশ কমবে। অন্যদিকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৩ দশমিক ৬ শতাংশ বাড়বে, যা পরিমাণের দিক দিয়ে প্রায় ৫২ কোটি ডলার।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের রপ্তানি বাড়ছে, তবে তা আকাঙ্ক্ষা অনুযায়ী নয়। রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক ও চিংড়ি রপ্তানিতে অবারিত সুযোগ রয়েছে। বিশ্ব পণ্য সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগে বলতাম এ শতাব্দী হচ্ছে এশিয়ার; এখন বলছি এ শতাব্দী হলো দক্ষিণ এশিয়ার।’
কোরিয়াকে উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘১৯৬২ সালে বাংলাদেশের চেয়ে গরিব ছিল কোরিয়া। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আজ দেশটি এ পর্যায়ে এসেছে। এখন উন্নয়নশীল দেশের প্রতি কোরিয়া অনেক বেশি সহানুভূতিশীল। নিজেদের পূর্বের অবস্থান চিন্তা করে এ ধরনের দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে।’
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশের বিপুল প্রতিযোগিতা সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বাণিজ্যব্যবস্থা ও ব্যবসার পরিবেশের উন্নতি করতে হবে। শিল্পকারখানার জন্য জমির স্বল্পতার সমস্যা সমাধান করতে হবে। তিনি বলেন, ‘সঠিক নীতিমালা এবং উপযুক্ত পরিবেশ থাকলে বাংলাদেশ এশিয়ার ভবিষ্যৎ রপ্তানিশক্তি না হওয়ার কোনো কারণ নেই।’
বিশ্বব্যাংকের প্রতিবেদনের ওপর চারজন নির্ধারিত আলোচক আলোচনা করেন। তাঁরা হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা ও যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী।
রুবানা হক বলেন, বাংলাদেশ বিপজ্জনকভাবে তৈরি পোশাকে মোহাচ্ছন্ন হয়ে গেছে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে চার ধরনের সমস্যা রয়েছে বলে তিনি মনে করেন। এগুলো হলো পণ্যের বাড়তি উৎপাদন ব্যয়; অতিরিক্ত লিড টাইম (ক্রয়াদেশ থেকে জাহাজীকরণ পর্যন্ত সময়সীমা); নিম্ন উৎপাদনশীলতা এবং দুর্বল অবকাঠামো। তাঁর মতে, রানা প্লাজা ট্র্যাজেডির পর কারখানার কর্মপরিবেশের যে উন্নতি হচ্ছে, তাতে বাংলাদেশ হবে অন্যতম সার্বিক মানসম্পন্ন উৎপাদনকেন্দ্র।
কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন আরিফ দৌলা। তিনি বলেন, কৃষি উৎপাদন দ্বিগুণ করতে পারলে বেঁচে যাওয়া জমি শিল্প খাতে ব্যবহার করা যাবে।
উৎপাদন-ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্ব দিয়ে এস আর ওসমানী বলেন, প্রতিযোগিতা সক্ষমতা শুধু সস্তা শ্রমের ওপর নয়; সার্বিক উৎপাদনব্যবস্থার ওপর নির্ভর করে।
বিনিয়োগে প্রণোদনার বিষয়টি পুনর্বিবেচনা করার তাগিদ দেন কাজী এম আমিনুল ইসলাম। প্রণোদনার সঙ্গে কারখানার সার্বিক মানের বিষয়টি জুড়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।