বিশ্ববাজারে শক্তিশালী হয়েছে জাপানি ইয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি দিয়ে মুদ্রাবাজার গত সপ্তাহ শুরু হয়। তবে বুধবারের মধ্যে ডলারের বিপরীতে পাঁচ পয়সা দরপতন ঘটে বাংলাদেশি টাকার (প্রতি ডলার ৬৯ টাকা ৬০ পয়সা)। আমদানিজনিত চাহিদায় বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের তেজিভাব অব্যাহত থাকে গত বৃহস্পতিবারও। তবে সপ্তাহ শেষে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৬৯ টাকা ৫৭ পয়সা থেকে ৬৯ টাকা ৫৯ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। গত সপ্তাহের শুরু দেখে ধারণা হচ্ছিল, ইউরোর দরপতন আগের সব রেকর্ড ভেঙে দেবে। তবে তা হয়নি। ইউরোসহ অন্য মুদ্রাগুলো ঘুরে দাঁড়িয়েছে সপ্তাহের শেষে এসে। গত সোমবার ইউরোর দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়। ডলারের বিপরীতে ইউরো গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্নে (প্রতি ইউরো ১ দশমিক ২৪৭৯ ডলারে) চলে যায়। আবার গত মঙ্গলবার জাপানি ইয়েন ইউরোর বিপরীতে প্রায় নয় বছরের মধ্যে সর্বোচ্চ (প্রতি ইউরো ১০৫ দশমিক ৪৪ ইয়েনে) এবং মার্কিন ডলারের বিপরীতে প্রায় ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় (প্রতি ডলার ৮৩ দশমিক ৭২ ইয়েনে)। দুর্বল শেয়ারবাজার এবং জাপান ও যুক্তরাষ্ট্রের বন্ডের অন্তর্নিহিত সুদের হারের পার্থক্য কমে আসার ফলে ডলারের দর ইয়েনের বিপরীতে পড়ে গেছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্র তথা বিশ্ব অর্থনীতির দুর্বলতা ‘দ্বিতীয়বারের মন্দায়’ আক্রান্ত হবে কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ ছেড়ে দিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সুইস ফ্রাঙ্ক ও ইয়েনের দিকে ঝুঁকে পড়েন। তবে আমেরিকার ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বেন বার্নানকে সপ্তাহ শেষে মার্কিন অর্থনীতির মন্দা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমন বক্তব্য রাখায় ডলার শক্তি ফিরে পায়। অবশ্য যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রান্তিকের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো হওয়াতেও ডলার শক্তিশালী হয়ে ওঠে গত শুক্রবার। গত সপ্তাহে বিশ্ব অর্থনীতি দ্বিতীয়বারের মতো মন্দায় আক্রান্ত হওয়ার আশঙ্কার মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যেতে থাকে। অবশ্য সপ্তাহ শেষে অপরিশোধিত তেলের নাইমেক্স সূচক ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৫৭ ডলারে অবস্থান করে। এদিনে স্বর্ণ ও রৌপ্য আউন্সপ্রতি যথাক্রমে ১২৩৯ দশমিক ২০ ডলার এবং ১৯ দশমিক ০৭ ডলারে কেনাবেচা হয়। দেশের বাজার: গত সপ্তাহের শুরুতে আন্তব্যাংক লেনদেনে চাহিদার কারণে কলমানির সুদের হার বেশির ভাগ ক্ষেত্রে ছিল সাত থেকে আট শতাংশ। তবে সপ্তাহের মাঝে কলমানির সুদের হার ছয় থেকে সাত শতাংশে নেমে আসে। শেষভাগে আন্তব্যাংক কলমানির বাজার শান্ত হয়ে সুদের হার চার থেকে ছয় শতাংশে লেনদেন হয়। বাংলাদেশ ব্যাংক সপ্তাহজুড়েই বাজারে তারল্য বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয় এবং রেপোর মাধ্যমেও যথেষ্ট অর্থ মুদ্রাবাজারে ছাড়ে।গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি সরকারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১৭৮ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে ১২৫ কোটি টাকার দরপত্র গ্রহণ করা হয়। সুদের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ । সূত্র: সিটিব্যাংক এনএ