বিশ্ববাজারে সোনার দাম ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে সোনার দর গতকাল এক ধাক্কায় ৪ শতাংশের বেশি কমেছে, যা প্রায় ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকের মন্তব্যের জের ধরে সোনার বাজারে এ প্রতিক্রিয়া হয়েছে। ইউরোপের বাজারে গতকাল সকালে তাৎক্ষণিক দর ছিল প্রতি আউন্স এক হাজার ৩০৪ ডলার ৯০ সেন্ট।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান গত বুধবার জানিয়েছেন, অর্থনীতি চাঙা করতে তাঁরা বাজারে নগদ অর্থ ঢালা বন্ধ করবেন। এ জন্য এ বছরের শেষ ভাগে এসে বন্ড কেনা কমিয়ে দেবেন। আর ২০১৪ সালে তা পুরোপুরি বন্ধ করে দেবেন। বর্তমানে প্রতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সাড়ে আট হাজার কোটি ডলারের বন্ড কিনছে।
এ পদক্ষেপ গ্রহণ করার দিকে অগ্রসর হওয়ার মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা হচ্ছে, যার প্রভাবে ভবিষ্যতে ডলার আবার শক্তিশালী হবে। বিপরীতে তাই সোনার চাহিদা ও দাম কমে যাবে। এ কারণেই গতকাল সোনার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের শেয়ারবাজারেও বড় দরপতন ঘটেছে।
দেশের বাজার: আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের কারণে দেশের অভ্যন্তরে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমছে।

আজ শুক্রবার থেকে সোনার নতুন দর কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত ১৯ মে মাসে সোনার দাম কমায় সমিতি।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮৬৩ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪০ হাজার ৮২৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে হবে ২৮ হাজার ৫৭৬ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই থাকছে, অর্থাৎ এক হাজার ৩৯৯ টাকা।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৭৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪১ হাজার ৮১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৯ হাজার ৫০৯ টাকা ভরি।

আজ থেকে সোনার দাম কমানোর ফলে ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা কমবে।

বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোনার আন্তর্জাতিক বাজার অস্থির। প্রতি আউন্স সোনার দর এক হাজার ৩০৫ ডলারে নেমে যাওয়ার পর আমরা দেশের বাজারে কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, বড় উত্থান-পতন হলেই আবার সোনার দর পুনর্নির্ধারিত হবে।