বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম আরও বেড়ে সর্বোচ্চ পর্যায়ে ওঠার রেকর্ড করেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে রৌপ্য এবং অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে।আলোচ্য সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে এক হাজার ৫৯৪ দশমিক ৪৫ ডলারে ওঠে, যা আগের সপ্তাহের শেষে ছিল এক হাজার ৫৪৪ দশমিক ৫৫ ডলার।ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা মুডিস মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ক্রেডিট রেটিং পড়ে যাওয়া নিয়ে সতর্কবাণী শোনানোর কারণেই মূলত এবার স্বর্ণের দর বেড়েছে বলে মনে করা হচ্ছে।বিশ্ববাজারে গত সপ্তাহে রৌপ্যের দাম বেড়ে আউন্সপ্রতি ৩৯ দশমিক ৩১ ডলারে উঠেছে, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩৬ দশমিক ৭৪ ডলার। এদিকে বিশ্ববাজারে গত সপ্তাহের শুরুতে অপরিশোধিত তেলের দাম কিছুটা পড়ে যায়। তবে বুধবারের দিকে আবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে আরও প্রণোদনা দেওয়ার খবরে তেলের দর কিছুটা উঠে আসে। সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের দুর্বলতার কারণে নিউইয়র্কভিত্তিক নাইমেক্স সূচকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৯৬ দশমিক ৪৮ ডলারে কেনাবেচা হয়, যা সপ্তাহের শেষ কেনাবেচায় খানিকটা বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।