বিশ্ববাজারের জন্য মাহিন্দ্রা নিয়ে এসেছে ‘জেনিও’ পিকআপ
ভারতীয় প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বিশ্ববাজারের জন্য নিয়ে এসেছে নতুন পিকআপ ‘মাহিন্দ্রা জেনিও’। তারা বলেছে, সিঙ্গেল ও ডাবল কেবিনসংবলিত এই আধুনিক গাড়িটি একটি ‘নেক্সট জেনারেশন পিকআপ’। বিশ্বব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। মুম্বাইয়ের একটি হোটেলে সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডের গাড়িটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার বিভিন্ন দেশের এজেন্ট বা পরিবেশকেরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশে মাহিন্দ্রার একমাত্র পরিবেশক র্যাংগস মোটরস লিমিটেডের প্রতিনিধিও ছিলেন। অনুষ্ঠানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অটোমোটিভ অ্যান্ড ফার্ম ইকুইপমেন্টের প্রেসিডেন্ট পাওয়ান গোয়েঙ্কা বলেন, ‘জেনিও পিকআপ উচ্চমানের কারিগরি প্রযুক্তির মাধ্যমে শক্তি ও সৌন্দর্যের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে, যা ভারতে সমাদৃত হয়েছে এবং এখন বিশ্ব জয়ের অপেক্ষায় আছে।’মাহিন্দ্রার আন্তর্জাতিক অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীণ শাহ্ বলেন, ‘মাহিন্দ্রা জেনিও মালামাল পরিবহনের পাশাপাশি আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণেরও নিশ্চয়তা দেবে। এতে রয়েছে বিলাসী সাজসজ্জা, প্রথম শ্রেণীর আরামদায়ক আসন, নিরাপত্তাব্যবস্থাসহ আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা। ক্রেতার প্রয়োজনের কথা মাথায় রেখেই এটির নকশা করা হয়েছে।’নতুন ব্র্যান্ডটির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং জাপান, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিকদের মাহিন্দ্রার বাণিজ্যিক যানবাহন তৈরির অত্যাধুনিক কারখানা ‘চাকান প্ল্যান্টে’ নিয়ে যাওয়া হয়। সেখানে মাহিন্দ্রার প্রকৌশলীরা কীভাবে নানা পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করেন, তা দেখানো হয়।চাকান প্ল্যান্ট: মুম্বাই থেকে সড়কপথে প্রায় দেড় শ কিলোমিটার দূরে পুনের কাছে ২০০৭ সালে প্রায় ৭০০ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় মাহিন্দ্রার চাকান প্ল্যান্ট; যেখানে নতুন জেনিওসহ মাহিন্দ্রার একেক ব্র্যান্ডের জন্য একেকটি কারখানা করা হয়েছে। মাহিন্দ্রার কর্মকর্তারা জানান, এই প্ল্যান্টের বছরে ৩২ লাখ যানবাহন তৈরির ক্ষমতা রয়েছে। মাহিন্দ্রার সুপরিচিত অন্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে—ম্যাক্সিমো, বোলেরো, মাহিন্দ্রা-নেভিস্টার। জেনিওর শক্তি: মাহিন্দ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিও পিকআপ তৈরি করা হয়েছে এম হক ইঞ্জিনে। যেখানে সাধারণ ইঞ্জিনের ঘূর্ণনশক্তি মাত্র ১২০ বিএইচপি, সেখানে জেনিওর ইঞ্জিনের ক্ষেত্রে তা ২৯০ এনএম। বিন্যাস: জেনিও পিকআপটি চারটি ভিন্ন রঙের হয়ে থাকে। টার্নিং রেডিয়ার্স কম হওয়ার কারণে খুব অল্প জায়গাতেই গাড়িটি ঘোরানো যায়। দীর্ঘ কার্গো বডি থাকায় এটি অধিক পণ্য বহনে সক্ষম। দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় অ্যালয়যুক্ত চাকা ও বনেটের শক্ত বাঁক রয়েছে। দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো। কেবিনের আরোহীদের জন্য রয়েছে খাবারের ট্রে ও অডিওব্যবস্থা। ডিজিটাল ড্রাইভ অ্যাসিস্ট ব্যবস্থার মাধ্যমে এই গাড়িতে মাইলেজ ও ফুয়েল লেভেল দেখা যায়। মাহিন্দ্রা গ্রুপ: ভারতজুড়ে মাহিন্দ্রার ছয়টি গাড়ি তৈরির প্ল্যান্ট বা কারখানা আছে। কোম্পানিটির অটোমোটিভ খাতের আন্তর্জাতিক অপারেশনসের প্রধান নির্বাহী প্রবীণ শাহ্ প্রথম আলোকে বলেন, বর্তমানে ভারতের যে পরিমাণ ইউটিলিটি যানবাহনের চাহিদা আছে, তার ৫২ দশমিক ৫ শতাংশ পূরণ করে মাহিন্দ্রা। বাংলাদেশেও বাণিজ্যিক যানবাহনের প্রায় ১৩ শতাংশ মাহিন্দ্রা সরবরাহ করে থাকে। এদিকে র্যাংগস মোটরস প্রতিবছর দেশে ২০০০ ইউনিট মাহিন্দ্রা গাড়ি বাজারজাত করে থাকে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে মাহিন্দ্রার এক লাখ ৩৭ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ১৯৪৫ সালে স্টিলের ব্যবসা দিয়ে মাহিন্দ্রার যাত্রা শুরু করেন কে সি মাহিন্দ্রা ও জেসি মাহিন্দ্রা। ১৯৪৭ সালে ‘উইলিস জিপ’ তৈরির মাধ্যমে কোম্পানিটি গাড়ির বাজারে প্রবেশ করে।