জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বিশ্ববাণিজ্যে সমতা বৃদ্ধি ও প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ সফলভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করে পুরস্কৃত হয়েছে। এসডিজি অর্জনেও বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ এ লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ষষ্ঠ গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড ২০১৭–এর এইড অ্যান্ড ইনক্লুসিভ ট্রেড: ফাইন্যান্সিং ট্রেড কানেকটিভিটি অ্যান্ড দ্য এসডিজি’স শীর্ষক উচ্চপর্যায়ের এক বিষয়ভিত্তিক অধিবেশনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে অনানুষ্ঠানিক খাতে ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদের সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা একান্ত প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, এ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপিয়ান কমিশনের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক কমিশনার নিভেন মিমিকা। ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক মেগলোইরি, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান, সুইডেনের ইউরোপিয়ান ইউনিয়ন–বিষয়ক মন্ত্রী অ্যান লিন্ডে প্রমুখ মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।
তোফায়েল আহমেদ বলেন, সরকারের নেওয়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি থাকবে।