বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ঋণ নিতে সরকার প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যেকোনো পরিমাণ টাকা ঋণ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, দেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক টাকা লাগবে। আর বিশ্বব্যাংক-আইএমএফের সুদের হার অনেক নমনীয়।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সফররত আইএমএফের নির্বাহী পরিচালক সুবীর গোকর্ণের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ভারতীয় বংশোদ্ভূত গোকর্ণ আইএমএফে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিত্ব করছেন। তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর ছিলেন ছয় বছর। গত ডিসেম্বরে আইএমএফে যোগ দেন গোকর্ণ। এর আগে কখনোই বাংলাদেশে আসেননি তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘তাঁর সঙ্গে নতুন কোনো প্রকল্পে অর্থায়ন নিয়ে কথা হয়নি। তবে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে তাঁকে জানানো হয়েছে। বলেছি, টাকার প্রয়োজন হলে আমরা বলব।’
বড় প্রকল্প বাস্তবায়নে টাকার দরকার আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে তাদের কাছ থেকে টাকা নিতে হবে না। তবে টাকার দরকার পড়বে। আবার তাদের কাছ থেকেই যে নিতে হবে, এমনও কোনো কথা নেই। বৈশ্বিকভাবে (গ্লোবালি) এখন অনেকের কাছেই প্রচুর টাকা। সেখান থেকেও নেওয়া যায়।
বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক ঋণও নেওয়া হতে পারে বলে জানান আবদুল মুহিত।
চীন সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘চীন যে সুদে অর্থ জোগান দিতে চেয়েছিল, তা খুব বেশি। তাই সতর্ক করেছিলাম।’
বাণিজ্যিক ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু কিছু বাণিজ্যিক ঋণ আমাদের নিতেই হবে। কারণ, বড় প্রকল্পের জন্য যে টাকার প্রয়োজন, তা অনেক সময় অল্প সুদে পাওয়া যায় না। যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য অনেক টাকার প্রয়োজন হবে। সে কারণে বাণিজ্যিক ঋণ নিতে হবে।’