উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকায় বেকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় দুই কোটি ৯৩ লাখ ডলার বা ২১৭ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক।গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত এক চুক্তি সই হয়।এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের বেকার নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।নর্দার্ন এরিয়া রিডাকশন অব পোভার্টি ইনিশিয়েটিভ: ওমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট (এনএআরআই) প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৯৮ লাখ ডলার বা ২৯৪ কোটি টাকা। বিশ্বব্যাংক ছাড়া বাকি অর্থ দেবে সরকার নিজেই।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করে ইআরডি সচিব ইকবাল মাহমুদ এবং বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানসচিব শফিক আলম মেহেদী, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এই প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১০ হাজার ৮০০ বেকার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা, ইশ্বরদী ও কর্ণফুলী ইপিজেড এলাকায় প্রশিক্ষণকেন্দ্র ও ডরমেটরি নির্মাণ করা হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এই প্রকল্প বাস্তবায়ন করবে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে।