নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়া নিয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া
বিশ্বব্যাংক নিজে থেকেই করেছে বলে খুশি লাগছে
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার খবরে খুশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বব্যাংককে কিছু বলিনি। তারা নিজে থেকেই কাজটি করেছে। সে জন্য খুশি লাগছে।’
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা সফররত ভুটানের অর্থমন্ত্রী লিয়ন পো ন্যামগে দর্জির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তবে চূড়ান্তভাবে মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের আরও তিন-চার বছর সময় লাগবে বলে জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, ‘৪০ বছর ধরে আমরা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায়। এখান থেকে বেরিয়ে আসাটা সন্তুষ্টির বিষয়। এ ধরনের স্বীকৃতিতে আত্মগরিমা বাড়ে।’
বাংলাদেশ এলডিসির সুবিধাগুলোও পাবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পাবে’।
অর্থমন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশের স্বীকৃতির একটি প্রক্রিয়া আছে। এ জন্য তিন-চার বছর সময় লাগবে।
বিশ্বব্যাংকের স্বীকৃতির কথা উল্লেখ করে মুহিত আরও বলেন, মোটের ওপর টাকাপয়সার উৎস তো বিশ্বব্যাংকই। জাতিসংঘ তো টাকা দেয় না।
ভুটানের অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে। অবকাঠামোগত সমস্যা কেটে গেলে ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে।
ভুটান থেকে এক হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ভুটানের অর্থমন্ত্রী লিয়ন পো ন্যামগে দর্জি বলেন, ভুটান-বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। ১৯৭১ সালে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।