বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পুনর্নিয়োগ পেলেন

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আবারও নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার (ওয়াশিংটন সময়) বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁর এই পুনর্নিয়োগ অনুমোদন করেন। ২০১৭ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন জিম ইয়ং কিম।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ২০১২ সালের জুলাই থেকে জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর তিনি বাংলাদেশ সফরে আসছেন।
২০১১ সালে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট নির্বাচনের নতুন নীতিমালা অনুমোদন করে। নীতিমালা অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগের ১৪ থেকে সাড়ে চার মাসের মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হয়। এর আগে অবশ্য দায়িত্বরত প্রেসিডেন্টকে পুনর্নিয়োগ কিংবা অব্যাহতির ইচ্ছা প্রকাশ করতে হয়। প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সংক্ষিপ্ত বাছাই তালিকা থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ একজনকে মনোনীত করে থাকে।