বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য সুদের হার বাড়াতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র অবস্থা থেকে দিন দিন উন্নতির দিকে যাওয়ায় বাংলাদেশের জন্য ঋণের সুদের হার বাড়াতে চায় বিশ্বব্যাংক। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চাওয়াও একই ধরনের।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত বুধবার রাতে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণের সুদের হার বর্তমানে ১ শতাংশের কম। এই সুদকে অবশ্য সার্ভিস চার্জ বলা হয়। তবে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাড়িয়ে কত করতে চায়, তা আর জানাননি অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক থেকে অনেক ঋণ পাওয়া যায়, যা পরিশোধ করা হয় ৪০ বছরে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে—এই যুক্তিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সুদের হার বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাঁকে বলেছি যে আরও পাঁচ-ছয় বছর পর বাড়াতে হবে।’
সুদের হার বাড়াতে জাইকাও চিঠি দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘জাইকাকে বলেছি, অন্তত ২০১৮ সালের আগে যেন না বাড়ানো হয়।’
মুহিত বলেন, নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যেহেতু আরও কয়েক বছর লাগবে, তাই বাংলাদেশের চাওয়া হচ্ছে, সুদের হার তারা আরও কয়েক বছর পর বাড়াক।
প্রসঙ্গত, অর্থমন্ত্রী এ কথা বললেও নিম্ন মধ্যম আয়ের দেশ হতে জাতিসংঘের কোনো স্বীকৃতি লাগে না।
বাংলাদেশের নৌপরিবহন খাতে বিশ্বব্যাংকের বিনিয়োগ আগ্রহ রয়েছে বলে জানান মুহিত। তিনি বলেন, ১৯৬২ সালে বিশ্বব্যাংক নৌপরিবহন খাতে বিনিয়োগ করেছিল। পরে আর করেনি। এখন তারা আবার আগ্রহী।
বাংলাদেশ-নেপাল-ভুটান-ভারত নিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় আকারের বিনিয়োগেও বিশ্বব্যাংকের আগ্রহ রয়েছে বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস সম্প্রতি বাংলাদেশ সফরকালে মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।