বিশ্বব্যাংক মঙ্গা এলাকার দরিদ্র নারীদের কর্মসংস্থানে ঋণ দেবে
মঙ্গাপ্রবণ এলাকার দরিদ্র ও দুস্থ নারীদের তৈরি পোশাকশিল্পে কর্মসংস্থান লাভে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের জন্য দুই কোটি ৯০ লাখ ডলারের আইডিএ ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত তৈরি পোশাকশিল্পে মঙ্গা এলাকার দরিদ্র ও দুস্থ নারীদের কর্মসংস্থানের জন্য বিশ্বব্যাংক রেয়াতি সুবিধাসহ এই ঋণ অনুমোদন করেছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় যে নর্দার্ন এরিয়া রিডাকশন অব পোভার্টি ইনিসিয়েটিভ বা ‘নারী’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা, কর্ণফুলী ও ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারী শ্রমিকদের জীবন-জীবিকার উন্নয়নে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ, অন্তর্বর্তীকালীন গৃহায়ণ, কাউন্সেলিং ও চাকরি বদলের সুযোগ করে দেওয়া হবে। উত্তরাঞ্চলের মঙ্গাপ্রবণ পাঁচ জেলা: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের প্রায় ১৮ হাজার দরিদ্র ও দুস্থ নারী লাভবান হবেন। আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের মাধ্যমে দুস্থ নারীদের ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এটিই হলো প্রথম কর্মসূচি। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন এ প্রসঙ্গে বলেন, ‘বিকাশমান তৈরি পোশাকশিল্প খাতে নিয়োজিত ৩০ লাখ শ্রমিকের ৮০ শতাংশের বেশি হচ্ছে নারী। এরা অধিকাংশ সময়ই অসহায়, অল্পবয়সী, দরিদ্র এবং প্রায়ই অশিক্ষিত ও অবিবাহিত হয়ে থাকে।’ এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণকেন্দ্রগুলোতে একসঙ্গে ৩০০ প্রশিক্ষণার্থীর স্থান সংকুলান হবে। এসব ডরমিটরিতে ৬০০ নারী ছয় মাস অবস্থান করতে পারবেন। প্রশিক্ষণ লাভের পর তাঁরা স্থায়ী গৃহায়ণ খুঁজে বের করার জন্য আরও তিন মাস সময় পাবেন।বিশ্বব্যাংকের বিশেষ শাখা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে ১০ বছরের রেয়াতি সুবিধাসহ ৪০ বছরে পরিশোধযোগ্য এই ঋণ দেবে।