প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর ঝুঁকি কমাতে বাংলাদেশকে সাড়ে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ হাজার ৯২৫ কোটি টাকা। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল সোমবার সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পিরোজপুর ও পটুয়াখালীকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নয় জেলায় ৫৫২টি বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন করা হবে। প্রসঙ্গত, ছয় বছর গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এই ঋণের অর্থ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এই ঋণের সার্ভিস চার্জ বা সেবা মাশুল দশমিক ৭৫ শতাংশ।