বিশ্বব্যাংক ১১০ কোটি ডলার ঋণ দেবে
প্রাথমিক শিক্ষা উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ১১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। গতকাল বুধবার বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিশ্বব্যাংক বলছে, এ ধরনের প্রকল্পে তিন কোটি ৬০ লাখ মানুষ উপকৃত হবে। এর মধ্যে তৃতীয় প্রাইমারি শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৩) অতিরিক্ত ৪০ কোটি ডলার, দুর্যোগের সময় ব্যবহারের জন্য বহুমুখী আশ্রয়কেন্দ্র প্রকল্পে সাড়ে ৩৭ কোটি টাকা এবং দরিদ্রদের আয়বর্ধক সহায়তা কর্মসূচিতে ৩০ কোটি ডলার দেওয়া হবে।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখছে। উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ৯৮ শতাংশ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন নিশ্চিত করা গেছে। এর মধ্যে ৮০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছে। এ কর্মসূচির আওতায় জানুয়ারি মাসেই ৯০ শতাংশ শিশুর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
দুর্যোগের সময় ব্যবহারের জন্য বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫৫২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। নয়টি উপকূলীয় জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
দরিদ্রদের আয়বর্ধক সহায়তা কর্মসূচিতে দেশের ৪২টি উপজেলায় ২৭ লাখ অতিদরিদ্র মানুষকে সুবিধা দেওয়া হবে। প্রায় ছয় লাখ মা ও তাঁদের শিশুসন্তানদের পুষ্টি নিশ্চিত করতে অর্থ-সহায়তা দেওয়া হবে। এসব মা ডাকঘরে হিসাব খুলবেন এবং স্মার্ট কার্ডে টাকা পাবেন।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক ইয়োহানেস জাট বলেন, এ তিনটি কর্মসূচি বিশ্বব্যাংকের জন্য গুরত্বপূর্ণ বিষয়। কেননা, এটা দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশাল সুযোগ তৈরি করবে।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এ অর্থ সহজ শর্তে দেওয়া হবে। মোট ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে গ্রেস পিরিয়ড ছয় বছর। আর সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ।