বিশ্বব্যাংক ৪৭ কোটি ডলার ঋণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে দুটি প্রকল্পে ৪৭ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে আর্থিক খাত সহায়তা প্রকল্পে ৩০ কোটি ডলার এবং নগর উন্নয়নে ১৭ কোটি ৩০ লাখ ডলার।
দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। ঢাকায় আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তিতে সই করেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিনা কাইমস।
এ ঋণের বিপরীতে বিশ্বব্যাংককে বার্ষিক দশমিক ৭৫ শতাংশ হারে সেবা মাশুল দিতে হবে। এ ঋণের অর্থ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। বর্তমানে বিশ্বব্যাংকের ঋণের ওপর কোনো কমিটমেন্ট চার্জ নেই।
অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক খাতের সহায়তা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের রপ্তানি ও উৎপাদন খাতে দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা সম্প্রসারণ, আর্থিক খাতের নজরদারি ও নিয়ন্ত্রণমূলক ক্ষমতা আরও শক্তিশালীকরণ, আর্থিক মধ্যস্থতা কার্যক্রমের পদ্ধতিগত মানোন্নয়ন এবং মূলধন সঞ্চয়ন বৃদ্ধি করা সম্ভব হবে। এর ফলে আর্থিক খাত শক্তিশালী হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।