বিশ্বব্যাংকের ঋণ বাতিল, নেতিবাচক প্রভাব ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের সিদ্ধান্ত দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অন্যান্য প্রকল্পেও এই নেতিবাচক প্রভাব পড়বে।এমন অভিমত ব্যক্ত করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেছেন, বিশ্বব্যাংক হয়তো আনুষ্ঠানিকভাবে অন্যান্য প্রকল্পগুলো বাতিল করবে না। কিন্তু সেসব প্রকল্পে অর্থ ছাড়ের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করবে।গতকাল বুধবার সকালে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) আয়োজিত বাজেটবিষয়ক এক সংলাপে তিনি এই অভিমত প্রকাশ করেন। রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীর নিজস্ব কার্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে আরও অংশ নেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বিশিষ্ট সাংবাদিক জগ্লূল আহমেদ চৌধূরী। এতে সূচনা বক্তব্য দেন যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদ। মির্জ্জা আজিজ বলেন, সরকারি উদ্যোগে বিকল্প অর্থায়নের মাধ্যমে সরকার পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে। এজন্য বন্ড ছেড়ে অর্থ সংগ্রহেরও কথা বলা হচ্ছে। কিন্তু বন্ড ছাড়লে আবারও ব্যাংক এবং আর্থিক খাতে তারল্য সংকট তৈরি হবে। এতে সুদের হার যেমন বাড়বে, তেমনি কমে যাবে বেসরকারি খাতের ঋণপ্রবাহ। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার পদ্মা সেতুর জন্য বন্ড ছাড়লে সেগুলোর বেশির ভাগেরই ক্রেতা হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে অগ্রাধিকার খাতগুলো ঠিকই আছে। এ ক্ষেত্রে কোনো মতপার্থক্য না থাকলেও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এডিপির বাস্তবায়ন। এবারও রাজনৈতিক বিবেচনায় এডিপিতে প্রকল্পসংখ্যা বাড়ানো হয়েছে।সাবেক এই উপদেষ্টা আরও বলেন, করনীতি যাতে সামাজিক বৈষম্য না বাড়ায়, সেদিকটিও বিবেচনায় রাখা জরুরি। করের হার বাড়িয়ে কর আদায় বাড়ানো সম্ভব কিন্তু তাতে যেন সঞ্চয় ও বিনিয়োগের ওপর নেতিবাচক কোনো প্রভাব না পড়ে, সেই বিষয়টি মাথায় রাখা দরকার। এ জন্য পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর আদায়ের দিকে বিশেষ মনোযোগী হতে হবে।মোয়াজ্জেম হোসেন বলেন, সরকার এবারের বাজেটে আয়করের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, শেষ পর্যন্ত সেটি অর্জিত হবে না। কারণ, আয়করের বড় একটি অংশের জোগান দেয় আর্থিক প্রতিষ্ঠানগুলো। ধারণা করা হচ্ছে, এ বছর আর্থিক প্রতিষ্ঠানের আয় আগের বছরের চেয়ে কমে যাবে। সেটি হলে সরকারের আয়করের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। এ ছাড়া বর্তমানে যে পদ্ধতিতে বাজেট প্রণীত হয়, তাতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সম্পৃক্ততার সুযোগ খুবই সীমিত।ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক আরও বলেন, স্থানীয় সরকারগুলো কার্যকর না হলে বাজেটও পুরোপুরি কার্যকর হবে না। যেনতেন প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে মানসম্মত (কোয়ালিটি) প্রবৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ।