কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পে বিশ্বব্যাংকের প্রদেয় ঋণ বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক বলেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের ৮০ শতাংশ কাজ সাফল্যের সঙ্গে বাস্তবায়ন হয়েছে। এ প্রকল্পের ঋণ বাতিলের বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সম্প্রতি কয়েকটি পত্রিকায় এ-সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ ও বাস্তবভিত্তিক নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক গতকাল গণমাধ্যমে পাঠানো লিখিত এক ব্যাখ্যায় এসব কথা বলেছে। খবর বাসসের। বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, বর্তমানে জাতীয় গুরুত্বপূর্ণ দুটি অবকাঠামো—ন্যাশনাল পেমেন্ট সুইচ এবং মানিলন্ডারিং প্রতিরোধ-সংক্রান্ত ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের আইটি অবকাঠামো বাস্তবায়নের কার্যক্রম চলছে, যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে। ব্যাখ্যায় আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের প্রকল্পটি ২০০৩ সালে শুরু হলেও ক্রয়-প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে অটোমেশনের মতো জটিল এ প্রকল্পের সহজতর ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে সরকারের সিদ্ধান্তের কারণে পুরো প্রকল্পটিকে ২০০৬ সালে পুনর্গঠন করতে হয়। মূলত তার পরই প্রকল্পটির বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।প্রকল্পে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের গৃহীত সব কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পে বিশ্বব্যাংক প্রাথমিক পর্যায়ে তিন কোটি ৭০ লাখ ডলার (২১৪ কোটি টাকা) অনুমোদন করে। তবে বিভিন্ন সময়ে বিনিময়হারের তারতম্যের কারণে বর্তমানে প্রকল্পটিতে বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি ১৯ লাখ ডলার (৩১৮ কোটি টাকা)।এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহারের উদ্দেশ্যে প্রকল্পে বিভিন্ন সময়ে নতুন নতুন জাতীয় গুরুত্বপূর্ণ উপাদান যোগ করে তার বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়। ফলে প্রকল্পের টিপিপি ও মেয়াদ একাধিকবার সংশোধন করতে হয়েছে। সম্প্রতি আবার ডলার-টাকা বিনিময়হারের পরিবর্তনের কারণে আবারও বেশ কিছু অর্থের সাশ্রয় ঘটে, যা প্রকল্প মেয়াদে ব্যবহারের বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনা হয়। এ বিষয়ে বিশ্বব্যাংক প্রকল্প মেয়াদে সম্ভব হলে বাংলাদেশ ব্যাংককে এই অর্থ ব্যবহার করার জন্য অনুরোধ করে।বাংলাদেশ ব্যাংক বলছে, এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যক্রমে তা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং টিপিপি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনকে অনুরোধ করা হয়। এতে বিশ্বব্যাংকের অনুমোদন রয়েছে। এ ক্ষেত্রে কোনো পর্যায়েই ঋণ বাতিলের কোনো আলোচনা হয়নি। প্রকল্প বাস্তবায়নের গতি শুরুর দিকে ধীর হলেও সাম্প্রতিককালে বর্তমান গভর্নরের কার্যকালে ব্যাপক অগ্রগতি হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, বর্তমান অগ্রগতির ধারাবাহিকতায় প্রকল্পের বাস্তবায়ন যথাসময়ে সম্পন্ন হবে বলে আশা করা যায়।