বিশ্বব্যাংকের চোখে সেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৭২ সাল। সদ্য স্বাধীন বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের রাস্তাঘাটসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য উৎপাদনও সন্তোষজনক অবস্থায় নেই। আর বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করার অভিজ্ঞতা নেই বললেই চলে। এমন একটি অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এই বাংলাদেশ। সেই বাংলাদেশের অর্থনীতিকে মূল্যায়ন করে ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংক দুই খণ্ডের একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য স্বাধীন বাংলাদেশ জটিল উন্নয়ন সমস্যায় পড়েছে।
যুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উঠে আসে প্রতিবেদনে। অর্থনীতিকে চাঙা করার জন্য চারটি পরামর্শ দেয় বিশ্বব্যাংক। সেগুলো হলো: কৃষি খাতকে কার্যকর আর্থিক ও অন্য প্রণোদনা-সহায়তা দেওয়া; শিল্প খাতের উৎপাদন বৃদ্ধিতে দক্ষ সরকারি ব্যবস্থাপনা তৈরি করা; অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও পর্যাপ্ত আমদানি করে পণ্যের দাম কমানো এবং কর্মসংস্থান নির্ভর উন্নয়ন কর্মসূচি নেওয়া।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তখন বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে খাওয়ানোটাই ছিল বড় চ্যালেঞ্জ। তখন অন্যতম উদ্বেগ ছিল—এ পরিস্থিতিতে দেশটি টিকে থাকবে কীভাবে? চালে এখন স্বয়ংসম্পন্ন হয়েছে। আমদানি অর্থায়নে উদ্বেগ নেই। তখনকার বাস্তবতা বিবেচনায় এগুলোই বাংলাদেশের বিশাল অর্জন।
সেই বাংলাদেশ: বিশ্বব্যাংকের হিসাবে, ১৯৭২ সালে এক মার্কিন ডলারে ৭ টাকা ২৮ পয়সা পাওয়া যেত। বেকারত্বের হার ছিল ২৫ থেকে ৩০ শতাংশ। দুর্বল যোগাযোগব্যবস্থার উদাহরণ দিয়ে বলা হয়েছে, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র ৬০ মাইল হলেও তিনটি ফেরি পার হয়ে যেতে চার ঘণ্টা লাগত। তৎকালীন সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে তাৎক্ষণিকভাবে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথমত, উদ্বাস্তুদের ফিরিয়ে এনে পুনর্বাসন এবং প্রথম ফসল ওঠার আগ পর্যন্ত ত্রাণের ব্যবস্থা করা; দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা; তৃতীয়ত, বিধ্বস্ত যোগাযোগব্যবস্থার মধ্যেও খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং চতুর্থত, রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। বহির্বাণিজ্যের সঙ্গে লেনদেনের অভিজ্ঞতা না থাকায় ১৯৭২ সালে নতুন করে সমস্যায় পড়ে দেশের অর্থনীতি। স্বাধীনতার আগে সিংহভাগ বাণিজ্যই পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের হতো। ওই সময়ে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সংকটও ছিল। দেশের ভেতরে মুদ্রার সরবরাহও কম ছিল। এর কারণ হিসেবে বিশ্বব্যাংক বলেছিল, পুরো ষাটের দশকজুড়েই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মুদ্রা গেছে। মুক্তিযুদ্ধের সময় এ দেশ থেকে বিপুল পরিমাণ মুদ্রা পশ্চিম পাকিস্তানে চলে গেছে বলে ধারণা করা হয়। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনতার পর প্রথম ছয় মাস কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ করে সুসংহত বৈদেশিক মুদ্রার মজুত গড়তে চেয়েছিল। এ জন্য অনুদানের খাদ্যশস্য পাওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছিল।