বিশ্বব্যাংকের প্রতিবেদন অসম্পূর্ণ, তবে বস্তুনিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের নিয়োগ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের প্রতিবেদনটি অসম্পূর্ণ হলেও বস্তুনিষ্ঠ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতে আগামী সোমবার বিশেষজ্ঞ দলটিকে একটি জবাব দেবেন বলেও অর্থমন্ত্রী জানান। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংক (যুক্তরাজ্য) লিমিটেডের ২০১২ সালের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রীর হাতে ২০১২ সালের লভ্যাংশ চার লাখ পাউন্ড তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এবং সোনালী ব্যাংক লিমিটেডের (যুক্তরাজ্য) সিইও আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। পদ্মা সেতু: বিশ্বব্যাংকের নবনিযুক্ত আবাসিক পরিচালক জোহান্স জাট গত মঙ্গলবার সচিবালয়ে এসে এ প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন। বিশেষজ্ঞ দলটির চেয়ারম্যান আর্জেন্টিনার নাগরিক লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো। অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা নেই। বিশ্বব্যাংক বলেছে, কিছু বলার থাকলে ওকাম্পোকে জানানোর জন্য। আগামী সোমবারের মধ্যে তাই তাদেরকে চিঠি দেব। আমি বিশ্বব্যাংককে অনুরোধ করব, ওয়েবসাইটে প্রকাশ করলে আমার বক্তব্যসহ প্রকাশ করতে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে তারা দুই থেকে তিনটা নাম ঢুকিয়েছে, যে বিষয়ে আমি অবহিত নই। তবে তাদের মূল আপত্তি সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে নিয়ে। যদিও আমাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) আবুল হোসেনের জড়িত থাকার কিছু পায়নি।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডার আদালতে মামলা চলমান উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দুদক কানাডায় গেলেও ওই দেশের আইনকানুনের কারণে সেখান থেকে কোনো তথ্য পায়নি। মামলা শেষ না হওয়া পর্যন্ত তা পাওয়াও যাবে না বলে মনে হয়।’ হল-মার্ক: হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে সোনালী ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া মুশকিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে কি না বা বিচার করা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু লোকের নাম তো প্রচার করেছি। এতে ব্যাংকের মহাব্যবস্থাপকেরাও (জিএম) রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ আছে।’পরিচালকদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ অনেকেরই নাম প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) রয়েছে। তবে পরিচালকদের ধরা মুশকিল।’