বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক ও বসন্তকালীন সভাসহ আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ভ্রমণসূচি থেকে এ তথ্য জানা গেছে। ১৫ এপ্রিল অর্থমন্ত্রী নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘জাতিসংঘ ও বৈশ্বিক অর্থনীতির সুশাসন’ শীর্ষক বিতর্কে অংশ নেবেন। পরদিন ১৬ এপ্রিল জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্কের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৭ এপ্রিল নিউইয়র্ক থেকে তিনি যাবেন ওয়াশিংটনে। ১৮ এপ্রিল বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।১৯ এপ্রিল রয়েছে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরোর সঙ্গে বৈঠক। ওই দিন থেকে ২১ এপ্রিল পর্যন্ত রয়েছে তিন দিনব্যাপী বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক ও বসন্তকালীন সভা। এ সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে ২৫ এপ্রিল।