বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠনে ১৩ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার ঋণ ও অনুদান পাচ্ছে বাংলাদেশ। বেসরকারি খাত উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এই অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড।এর মধ্যে বিশ্বব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ১২ কোটি ডলার। আর ইউকেএইডের কাছ অনুদান হিসেবে মিলবে এক কোটি ৭৬ লাখ ডলার।প্রধান দাতা সংস্থা হিসেবে গতকাল রোববার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় দেশের দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম প্রতিটি এলাকায় দুটি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে। আগামী ৪০ বছরে বিশ্বব্যাংকের এই ঋণ পরিশোধ করতে হবে। এর জন্য গ্রেস পিরিয়ড ১০ বছর।