বিশ্বব্যাংকের সঙ্গে নতুন জীবন প্রকল্পের চুক্তি স্বাক্ষর হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে ‘নতুন জীবন’ নামের একটি প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক থেকে ১১ কোটি ৫০ লাখ ডলার বা ৮০৫ কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার।আর দেশের পৌরসভাগুলোর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল সার্ভিসেস নামের একটি চালু প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে অতিরিক্ত চার কোটি ২০ লাখ ডলার বা ২৯৪ কোটি টাকা। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের এই ঋণবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেইন গোল্ডস্টেইন। গত ২৩ জুন প্রকল্প দুটি অনুমোদন করে বিশ্বব্যাংক। ফলে সরকার মোট এক হাজার ১০০ কোটি টাকা ঋণ পাচ্ছে। বিশ্বব্যাংকের আওতাধীন সহজ শর্তে ঋণদাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ) থেকে ৪০ বছর মেয়াদে এ ঋণ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সুদাসলে যথাসময়ে ঋণের অর্থ ফেরত দিতে না পারলে আরও ১০ বছর অতিরিক্ত সময় (গ্রেস পিরিয়ড) পাওয়া যাবে। সুদের হার দশমিক ৭৫ শতাংশ।বিশ্বব্যাংক সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাসহ প্রধানত উপকূলীয় জেলাগুলোতে নতুন জীবন প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই উদ্দেশ্যে সামাজিক বিনিয়োগ কর্মসূচি প্রকল্প (এসআইপিপি) নামের বিশ্বব্যাংকের একটি প্রকল্প বর্তমানে চালু রয়েছে। এসআইপিপিরই নাম পাল্টে রাখা হয়েছে ‘নতুন জীবন’ প্রকল্প। বিশ্বব্যাংক জানিয়েছে, দেশের যে অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, নতুন জীবন প্রকল্পের মাধ্যমে ওই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটানোই এ প্রকল্পের উদ্দেশ্য।