বিশ্বব্যাংকের সঙ্গে ভুল-বোঝাবুঝি আলোচনায় সমাধান করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক। কিন্তু এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটিতে অর্থ আনাসহ বিদ্যমান সমস্যার সমাধান করতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। আজাদ আরও বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি হলে আসুন আলোচনা করে সমাধান করি। এটি বিশাল জনগুরুত্বপূর্ণ প্রকল্প। এ ছাড়া বাংলাদেশের মতো দেশের স্বল্প সুদে বিশ্বব্যাংকের এ ধরনের ঋণের প্রয়োজন আছে।’ ইন্টারন্যাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় গতকাল শনিবার বিশেষ অতিথির বক্তব্যে আজাদ এসব কথা বলেন। সোনারগাঁও হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।আজাদ আরও বলেন, এক বছর আগে বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এফবিসিসিআইয়ের কার্যালয়ে এসে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন আর সেই আশ্বাসের কথা শোনা যায় না। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘দয়া করে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হয়, এমন কর্মসূচি দেবেন না। গণমাধ্যমে দেখেছি, বিরোধী দল হরতাল কর্মসূচি দিতে পারে। হরতাল অর্থনীতির জন্য সহায়ক হতে পারে না। হরতালের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকে, উদ্যোক্তাদের ব্যাংক ঋণের সুদের হার বাড়ে। চলুন, হরতালের বিরুদ্ধে সব ব্যবসায়ী এক হই।’বিরোধী দলে গেলে হরতাল না দেওয়ার অঙ্গীকার করার জন্য সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি আহ্বান জানান তিনি।