বিশ্বব্যাংকের সাতটি প্রকল্পের তদারকি করবেন নাগরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত সাতটি উন্নয়ন প্রকল্প নাগরিক সমাজ বা যাদের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তাদের মাধ্যমে তদারকি করা হবে।‘বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সহায়তা কৌশলের তৃতীয় পক্ষের তদারকি’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই কাজ করা হবে। বাংলাদেশ সরকার এ বিষয়ে অনুমোদনও দিয়েছে।প্রকল্পের ফলে যাদের সুবিধা পাওয়ার কথা, সেসব নাগরিকই এসব প্রকল্পে অনিয়ম হচ্ছে কি না, সেবার মান বাড়ানো প্রয়োজন কি না ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে। এই নাগরিকদেরই বিশ্বব্যাংক বলছে ‘তৃতীয় পক্ষ’।‘বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সহায়তা কৌশলের তৃতীয় পক্ষের তদারকি’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনের জন্য এই অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বব্যাংক, মানুষের জন্য এবং অ্যাফিলিয়েটেড নেটওয়ার্ক ফর সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি (এএনএসএ)।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিইডি) সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমাদের সমাজ অনেক দিন ধরেই দুর্নীতিগ্রস্ত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোন কাজটা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে আর কোনটা অস্বচ্ছ, সেটার পার্থক্য নিরূপণ করাই এখন মুশকিল হয়ে পড়েছে।’দুর্নীতিকে একটি রোগ হিসেবে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, সুবিধাভোগী দুর্নীতিবাজ বিশ্বের সব দেশেই আছে। সুযোগ পেলেই তারা দুর্নীতি করে। তিনি বলেন, সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই সব কাজ স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করছে। এই সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করছে না।এলজিআরডি মন্ত্রী অদক্ষতা, দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও দায়িত্ব পালনে অবহেলা, সঠিক সিদ্ধান্ত না নেওয়াকেও দুর্নীতির অংশ বলে মত দেন। সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় পর্যায়ে বেশকিছু প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কিছু এনজিওকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা ঠিকমতো কাজ করেনি। তাদের কাজে অনেক অসম্পূর্ণতা ছিল।আলোচনা: অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক অবস্থায় গ্রামীণ পরিবহনব্যবস্থা উন্নতকরণ, গ্রামীণ বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, সাইক্লোন-পরবর্তী জরুরি উদ্ধারকাজ, স্থানীয় সরকারসহায়তা, বিশুদ্ধ পানি সবরাহ ও পয়োনিষ্কাশন, জাতীয় কৃষিপ্রযুক্তি, সরকারি কেনাকাটা সংস্কার—এই সাত প্রকল্পের কাজ তদারকি করবে তৃতীয় পক্ষ।প্রকল্পগুলো তদারকিতে কমিউনিটি স্কোরকার্ড, গণশুনানি, ফোকাস গ্রুপ আলোচনা ও সামাজিক নিরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হবে। তাদের এ কাজে সহায়তা করবে মানুষের জন্য ফাউন্ডেশন ও তার নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন এনজিও।গোল্ডস্টেইন বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সবগুলো প্রকল্পেই এই তৃতীয় পক্ষের মূল্যায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, এলজিইডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বিশ্বাস, মানুষের জন্যর নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বক্তব্য দেন।