বিশ্বব্যাংকের ১৬ গাড়ির খোঁজ চান শুল্ক গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের কাছে ১৬ জন সাবেক বিদেশি কর্মকর্তার শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির খোঁজ জানতে চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর খোঁজসহ যাবতীয় কাগজপত্র এবং ওই কর্মকর্তাদের বর্তমান অবস্থান আগামী সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠি বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে।
১৬ জনের তালিকায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে কাজ করে গেছেন এমন কর্মকর্তাদের মধ্যে আছেন প্রতিমা দাসগুপ্ত, কাঠিনুয়েল খো, ভিনয়া স্বরূপ, মৃদুলা সিং, হেলেন জয় ক্রেগ, ফাবিও পিতালুগা প্রমুখ। দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার সময় তাঁদের পাসবইগুলো জাতীয় রাজস্ব
বোর্ডে (এনবিআর) দেওয়া হয়নি। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, এসব গাড়ির সঙ্গে বিপুল পরিমাণ রাজস্ব পাওয়ার
বিষয় জড়িত। পাসবই জমাসহ শুল্কমুক্ত সুবিধা নেওয়ার নানা শর্ত পরিপালন না করা শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংক একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। আমরা আশা করি, সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে তাঁরা আমাদের যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।’
সম্প্রতি এনবিআরের এক অনুসন্ধানে দেখা গেছে, ৩৯৫ জন বিদেশি নাগরিক, যাঁরা এ দেশে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করেছেন, কাজের মেয়াদ শেষে তাঁরা শুল্কমুক্ত গাড়ি-সুবিধার অনুকূলে ইস্যু করা পাসবইগুলো এনবিআরে ফেরত দেননি। এ তালিকায় বিশ্বব্যাংক, জাইকা, ইউএনডিপিসহ ২৫টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে বিশ্বব্যাংকের ৫৩ জন কর্মকর্তা আছেন।
এর আগে ৩১ জানুয়ারির মধ্যে এসব পাসবই জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তখন বিশ্বব্যাংক জমা না দেওয়া ৩৫টি পাসবই ফেরত দিয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে যোগাযোগ করা হয়। পরে ঢাকা কার্যালয় থেকে কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের একটি বক্তব্য পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, বিশ্বব্যাংক ইতিমধ্যে ৩৫টি পাসবই জমা দিয়েছে, যা আগে দেওয়া হয়নি। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে আজ (গতকাল) যাঁদের তথ্য জানতে চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে নয়জনের পাসবই ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। আমরা বাকি পাসবইগুলো খুঁজছি। বাকি পাসবইগুলো ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ছয় মাস সময় চেয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়টি নিয়ে এনবিআরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বিশ্বব্যাংক।