বিশ্বব্যাপী এ বছর ডাল উৎপাদন বাড়বে
দীর্ঘ সময় পর ডালের বাজারে সুখবর আসছে—চলতি বছর ভারত, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে এ কৃষিপণ্যের উৎপাদন বাড়বে। এতে পণ্যটির দাম কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
বিশ্বে ডালের উৎপাদন বৃদ্ধির খবর বাংলাদেশের জন্য খুবই স্বস্তিদায়ক। কারণ, বাংলাদেশ বিশ্বে তৃতীয় বৃহৎ ডাল আমদানিকারক দেশ। তিন বছর ধরে এটির চড়া দাম ভুগিয়েছে বাংলাদেশের মানুষকে।
ঢাকার বাজারে এখন প্রতি কেজি ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৫০ টাকা দরে, যা বছর খানেক আগেও ১১০ টাকার মধ্যে ছিল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের খাবার অ্যাংকর ডালের দাম কেজিপ্রতি ৪০ টাকা থেকে বেড়ে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত রমজান মাসে তো ৬০ টাকার ছোলা কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকায় উঠেছিল।
বাংলাদেশ সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা ও নেপাল থেকে বিভিন্ন ধরনের ডাল আমদানি করে। এদিকে গত দুই মৌসুমে ভারতে ডালের উৎপাদন কম হওয়ায় দেশটি প্রচুর পরিমাণে ডাল আমদানি করেছে। এতে আন্তর্জাতিক বাজারে সব ধরনের ডালের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফলন ভালো হওয়ার পূর্বাভাসে সেই দর এখন পড়তির দিকে।
গত মাসে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে (সেপ্টেম্বর) মসুর ও ছোলার ডালের দাম কমে টনপ্রতি ৭০০ ডলারে নামতে পারে। এদিকে পণ্যের বাজার পর্যালোচনাকারী কানাডাভিত্তিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল কনসালটিং ভেনচারের ব্যবস্থাপনা অংশীদার মারলিন বেয়শ দ্য ওয়েস্টার্ন প্রোডিউসার পত্রিকাকে বলেন, এবার বিশ্বে মসুর ডালের উৎপাদন হবে ৬৩ লাখ টন, যা আগের বছরের চেয়ে ৩৩ শতাংশ বেশি।
একই ধরনের পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশের ডাল আমদানিকারকেরাও। দেশের অন্যতম প্রধান ডাল আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, কানাডায় মোটা দানার মসুর ডালের (আস্ত) দাম টনপ্রতি এক হাজার ডলারে উঠেছিল। এখন তা কমে ৮০০ ডলারের নিচে নেমেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ছোট দানার মসুর ডালের দামও টনপ্রতি প্রায় ৩৫০ ডলার কমে ৮০০ ডলারে নেমেছে। এ ছাড়া টনপ্রতি ৪৫০ ডলারের অ্যাংকর ডাল নেমেছে দেশভেদে ৩২৫-৩৫০ ডলারে।
আবুল বশর চৌধুরী আরও বলেন, বাংলাদেশে কম দামের ডাল এসে পৌঁছাবে অক্টোবর থেকে। তখন দেশের মানুষ সুফল পাবে। তিনি আরও জানান, কানাডায় মাঠ থেকে ডাল তোলা শুরু হবে সেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে।
বিশ্বের সবচেয়ে বেশি ডাল উৎপাদনকারী দেশ ভারতে এবার ভালো বৃষ্টিপাতের কারণে পণ্যটির আবাদ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরে ভারত সরকার ২ কোটি টন ডাল উৎপাদনের আশা করছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪০ লাখ টন বেশি।
দ্বিতীয় বৃহৎ ডাল উৎপাদনকারী দেশ কানাডায় প্রচুর পরিমাণ জমিতে মসুর ডাল আবাদ করেছেন সে দেশের কৃষকেরা। দ্য ওয়েস্টার্ন প্রোডিউসার পত্রিকায় ১১ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় এ মৌসুমে ৫৮ লাখ একর জমিতে মসুর ডালের আবাদ হয়েছে। গত মৌসুমে আবাদি জমি ছিল ৪০ লাখ একরের চেয়ে কিছুটা কম।
তবে কিছুদিন আগে কানাডায় অতিবৃষ্টিতে ডালের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির প্রভাব কতটুকু পড়েছে তা সপ্তাহ দু-এক পরে বোঝা যাবে বলে উল্লেখ করেন আবুল বশর চৌধুরী।
ডাল উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে ৬ নম্বর অবস্থানে আছে। দেশটির ডাল উৎপাদক ও ব্যবসায়ীদের সমন্বয়কারী সংস্থা পালস অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সেখানে ১৯ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ডালের আবাদ হয়েছে। ভালো বৃষ্টিপাতের ফলে ফলন ব্যাপকভাবে বাড়তে পারে।
চলতি বছরকে আন্তর্জাতিক ডাল বর্ষ ঘোষণা করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ উপলক্ষে এফএও প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত আমদানিতেও সবার ওপরে। তারা বছরে প্রায় ৩৮ লাখ টন ডাল আমদানি করে। চীন আমদানি করে ১১ লাখ টন। এরপরই বাংলাদেশ আমদানি করে প্রায় ৮ লাখ টন ডাল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে মোট ৩ লাখ ৭৮ হাজার টন ডাল উৎপাদিত হয়েছে। এর মধ্যে মসুর ১ লাখ ৬৭ হাজার টন।