বিশ্বব্যাপী ছায়া ব্যাংকিং ৬৭ লাখ কোটি ডলারে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে ছায়া ব্যাংকিং কার্যক্রমের আয়তন ২০১১ সালে ৬৭ লাখ কোটি ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড (এফএসবি) গতকাল সোমবার এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছে।সংস্থাটি একই সঙ্গে ছায়া ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু বিধিবিধান প্রবর্তন ও অনুসরণের সুপারিশ করেছে।উল্লেখ্য, ছায়া ব্যাংকিং হলো নিয়ন্ত্রক-তদারকির বাইরে ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেন। এই কার্যক্রমে কিছু আর্থিক প্রতিষ্ঠান প্রচলিত ব্যাংকের মতোই অর্থ সংগ্রহ ও অর্থায়ন করে থাকে, যা কিনা নিয়ন্ত্রক সংস্থার তদরকির বাইরে। এতে বিভিন্ন ধরনের হেজ ফান্ড, স্ট্রাকচারড ইনভেস্টমেন্ট ভেহিক্যালস ইত্যাদি তহবিলও অন্তর্ভুক্ত। এফএসবির প্রতিবেদন অনুসারে, বিশ্বে সবচেয়ে বেশি ছায়া ব্যাংকিং হয় যুক্তরাষ্ট্রে, যার আর্থিক মূল্যমান ২৩ লাখ কোটি ডলার। ইউরো অঞ্চল সমন্বিতভাবে ২২ লাখ কোটি ডলারের ছায়া ব্যাংকিং করেছে ২০১১ সালে। আর যুক্তরাজ্যে এর আয়তন নয় লাখ কোটি ডলার।এফএসবির প্রতিবেদন থেকে আরও দেখা যায়, কোনো দেশের ছায়া ব্যাংকিং কার্যক্রমের আয়তন সে দেশের আনুষ্ঠানিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়ে বেশি।হংকংয়ে ছায়া ব্যাংকিংয়ের আয়তন দেশটির জিডিপির ৫২০ শতাংশ। নেদারল্যান্ডসে এই অনুপাত ৪৯০ শতাংশ আর ব্রিটেনে ৩৭০ শতাংশ। সিঙ্গাপুরে ২৬০ শতাংশ আর সুইজারল্যান্ডে ২১০ শতাংশ।এফএসবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮-০৯ সময়কালে বিশ্বজুড়ে আর্থিক সংকট আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রমে বিপর্যয় ডেকে আনে, যা বিভিন্ন দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে। এর পর থেকেই ছায়া ব্যাংকিং কার্যক্রমে নজরদারি বাড়ানোর তাগিদ অনুভূত হয়।