দারিদ্র্য কমলেও বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর প্রধান কারণ হলো, বেশির ভাগ মানুষের ক্রয়ক্ষমতা না থাকা আর ভূমিসংকট। বাংলাদেশেও একই সমস্যা বিরাজমান।রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনের একটি কার্য-অধিবেশনে এ তথ্য তুলে ধরা হয়। কার্য-অধিবেশনটির মূল প্রতিপাদ্য ছিল ‘দারিদ্র্য ও ক্ষুধার মূলোৎপাটন’। অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। জাতিসংঘে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত জাঁ কেমিয়েল ফ্রাঙ্কের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-অধিবেশনে আলোচনায় অংশ নেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।মূল প্রবন্ধে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে শুরু করে। ১৯৯৫-৯৭ সময়কালে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ৭৮ কোটি। ২০১০ সালে তা বেড়ে হয়েছে ৯২ কোটি ৫০ লাখ। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে: কৃষি উৎপাদনকে অবহেলা করা, বৈশ্বিক আর্থিক মন্দা, খাদ্যপণ্যের উচ্চমূল্য, গরিব মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বেশ সুদৃঢ় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন খলীকুজ্জমান। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘দারিদ্র্য ও অসমতার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। সামাজিক কর্তৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে দরিদ্র মানুষের অবস্থান দুর্বল। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।’ আবদুর রাজ্জাক আরও বলেন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচিত বিষয় হলেও বাংলাদেশে কৃষির উন্নয়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দাতারা সহযোগিতা কমিয়ে দিয়েছে। কৃষির উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা জোরদার করতে হবে। আর এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে সবার আগে এগিয়ে আসতে হবে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘ভবিষ্যতের জন্য খাদ্য’—এই প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৃষি খাতে সহযোগিতা করছে। এরই আওতায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করা হচ্ছে।