বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর নিট মুনাফা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বিমান
বাংলাদেশি বিমান

অর্থনৈতিক মন্দাসহ নানা প্রতিকূলতার মধ্যেও বিশ্বের বিমান সংস্থাগুলো চলতি ২০১৪ সালে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করবে।
কিন্তু বিশ্বজুড়ে বিমান কোম্পানিগুলো বড় অঙ্কের মুনাফা করলেও এ ক্ষেত্রে বাংলাদেশের বিমান সংস্থাগুলোর অবস্থা আশাব্যঞ্জক নয়।
এ বছর বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর সম্মিলিত নিট মুনাফার পরিমাণ বেড়ে এক হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে, যা গত বছরে ছিল এক হাজার ২৯০ কোটি ডলার। আর তাদের মোট আয় বেড়ে ৭৪ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হবে।
বিমান সংস্থাগুলোর বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) মহাপরিচালক টনি টাইলার গতকাল সোমবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন।
তবে বিমান সংস্থাগুলোর রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জনের আশাবাদ শোনানো হলেও তা আইএটিএর ইতিপূর্বেকার পূর্বাভাসের চেয়ে কম। গত মার্চে আইএটিএ অবশ্য পূর্বাভাস দিয়েছিল, এ বছরে বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর নিট মুনাফা হবে এক হাজার ৮৭০ কোটি ডলার। ২০১৩ সালের ডিসেম্বরের পূর্বাভাসে এই অঙ্ক ছিল এক হাজার ৯৭০ কোটি ডলার।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হতে পারে, এমন আশঙ্কায় এবং বিশ্ব বাণিজ্যও নিন্মমুখী প্রবণতার মধ্যে থাকায় বিমান কোম্পানিগুলোর মুনাফা কমবে বলে মনে করে আইএটিএ।

আইএটিএর মহাপরিচালক টনি টাইলার বলেন, অবকাঠামো ব্যয় বৃদ্ধি, পরিবহন পরিষেবায় অদক্ষতা, উচ্চহারের করের কারণে চলতি বছরে বিমান কোম্পানিগুলো চাপের মধ্যে থাকবে।

টনি টাইলার বলেন, ‘ভালো খবর হচ্ছে, বিমান পরিবহনসেবায় মুনাফার পরিমাণ বাড়ছে। এই খাতের বিনিয়োগ করা অর্থের বিপরীতে বর্তমানে বার্ষিক ৫ দশমিক ৪ শতাংশ হারে আয় হচ্ছে। ২০০৮ সালে এই আয় ছিল ১ দশমিক ৪ শতাংশ। তবে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগের ওপর বার্ষিক আয় এখনো ৭-৮ শতাংশে ওঠেনি।’

বিশ্বব্যাপী বিমান পরিষেবায় অনেক উন্নতির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন টনি টাইলার।

আইএটিএর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে যাত্রী ও পণ্য পরিবহনসেবায় নিয়োজিত বিমান কোম্পানিগুলো মোট ৫০ হাজার গন্তব্যে চলাচল করে। তাদের মোট ফ্লাইট বা উড্ডয়নসংখ্যা হলো এক লাখ। আর বিশ্বব্যাপী এই খাতে পাঁচ কোটি ৮০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

বিশ্বের ২৪০টি বিমান সংস্থা আইএটিএর সদস্য। বিশ্বে বিমানযোগে মোট যাত্রী ও পণ্য পরিবহনের ৮৪ শতাংশই সম্পন্ন করে থাকে এসব কোম্পানি।

 বাংলাদেশ: বৈশ্বিক বিমান কোম্পানিগুলোর জন্য আশার খবর থাকলেও বাংলাদেশের অবস্থা কিছুটা হতাশাব্যঞ্জক বৈকি। ১৯টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচলকারী রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে লোকসান দিয়েছে ১২২ কোটি টাকা।

দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলোও বাণিজ্যিকভাবে খুব একটা ভালো করছে না বলে জানা গেছে। পঁুজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ সর্বশেষ গত বছর শেয়ারধারীদের লভ্যাংশ হিসেবে ১২ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে। কোম্পানিটি অবশ্য নতুন নতুন গন্তব্যে বিমান উড্ডয়ন করছে। তারা গত মাসে দোহায় উড্ডয়ন শুরু করেছে, এ মাসের শেষ দিকে মদিনায় চালু করবে। এ ছাড়া আগামী জুলাইয়ের দিকে করাচিতে নতুন করে এবং ইতিপূর্বে বন্ধ হওয়া দুটি গন্তব্য সিঙ্গাপুর ও ব্যাংককে আবার উড্ডয়ন কার্যক্রম শুরু করা হবে বলে প্রথম আলোকে জানান ইউনাইটেড এয়ারওয়ে​রে একজন কর্মকর্তা।

পঁুজিবাজারে গতকাল সোমবার ইউনাইটেড এয়ারের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১১ টাকা ১০ পয়সা দরে কেনাবেচা হয়েছে।

নবীন দুই কোম্পানি রিজেন্ট এয়ার ও নভো এয়ার উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করলেও এখনো মুনাফা অর্জনের পর্যায়ে যায়নি বলে জানা যায়। এর আগে আরও কিছু কোম্পানি কার্যক্রম চালু করলেও পরে নানা কারণে গুটিয়ে গেছে।

সূত্র: বিবিসি, চ্যানেল নিউজএশিয়া।

n এ বছর বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর মোট আয় দাঁড়াবে প্রায় ৭৫ হাজার কোটি ডলার

n সম্মিলিত নিট মুনাফা হবে ১,৮০০ কোটি ডলার, যা গত বছরে ছিল ১,২৯০ কোটি ডলার

‘‘বিমান পরিবহনসেবায় মুনাফা বাড়ছে। এই খাতের বিনিয়োগ করা অর্থের বিপরীতে বর্তমানে বার্ষিক ৫ শতাংশ হারে আয় হচ্ছে

টনি টাইলার

মহাপরিচালক, আইএটিএ