বিশ্বব্যাপী বেকারত্ব নিয়ে উদ্বেগ
২০১৯ সালের শেষ দিক ও চলতি বছরের গোড়া থেকেই বৈশ্বিক শ্রমবাজার ভঙ্গুর হয়ে পড়ছিল। কোভিড-১৯ অতিমারি বা করোনাভাইরাস সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর দ্রুত বেকারত্ব বাড়তে শুরু করে। বিষয়টি ইতিমধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কোভিডের কারণে যখন দেশে দেশে লকডাউন জারি করা হয়, তখন পর্যটন, সেবাসহ ব্যবসা–বাণিজ্য ভয়ানক বাধার মুখে পড়ে। এতে বৈশ্বিক শ্রমবাজার আরও দুর্বল হতে থাকে। এরই মধ্যে প্রায় সব দেশের বেসরকারি খাতে ব্যাপক হারে শুরু হয়ে যায় কর্মী ছাঁটাই।
কর্মী ছাঁটাইয়ের ভয়াবহতা বিবেচনায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত জুন মাসের মধ্যেই বিশ্বব্যাপী শুধু সাড়ে ১৯ কোটি মানুষ পূর্ণকালীন চাকরি হারাতে পারে বলে পূর্বাভাস দেয়। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতেই সাড়ে ১২ কোটি মানুষের চাকরি হারানোর আশঙ্কা ব্যক্ত করে সংস্থাটি।
কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ সম্প্রতি বলেন, এ বছর সারা বিশ্বে ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারেন।
এরই মধ্যে আইএলওর মহাপরিচালক (ডিজি) গাই রাইডারও বলেন, কোভিড বা করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষের যত শ্রমঘণ্টা নষ্ট হয়েছে, তা ৪০ কোটির পূর্ণকালীন চাকরির সমান।
করোনাজনিত কর্মী ছাঁটাইয়ের বড় কোপ পড়েছে অভিবাসী শ্রমিকদের ওপর। সব মিলিয়ে এ বছর ১৬ কোটি ৪০ লাখ অভিবাসী শ্রমিকের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ চাকরি হারাবেন বলে পূর্বাভাস দেয় আইএলও।
জাতিসংঘ, বিশ্বব্যাংক ও আইএলওর মতো আন্তর্জাতিক সংস্থার তথ্য-উপাত্ত এবং বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বহু বিশ্বের সব অঞ্চলেই বেকারত্ব প্রকট হয়ে উঠেছে। কিছু দেশের অবস্থা তো রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে বেকারত্বের হার সর্বাচ্চ ২৮ দশমিক ২ শতাংশে উঠেছে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে এই হার ১০ দশমিক ২ শতাংশ।
ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতিতে দেশে দেশে প্রণোদনা প্যাকেজ ও ত্রাণসহায়তাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।