বিশ্বমন্দার মধ্যেও অর্থনীতি ভালো রয়েছে: আতিউর
বিশ্বমন্দার মধ্যেও দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, ‘চীন, ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতিতে মন্দা যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থায় রয়েছে।’গভর্নর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের এক অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন। তিনি ব্যাংকের পক্ষ থেকে পঞ্চগড় ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শীতার্তদের মধ্যে তিন হাজার পিস কম্বল বিতরণ ও যশোরের রোটারি হেল্থ সেন্টারকে একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।অনুষ্ঠানে ব্যাংকের এমডি এ এ এম জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সূর চৌধুরী, ব্যাংকের ডিএমডি আবদুল কুদ্দুস ও সৈয়দ ওয়াসেক মো. আলী বক্তব্য দেন।গভর্নর বলেন, বিদায়ী বছরে ব্যাংক খাত সিএসআর কার্যক্রমে ৩৫৫ কোটি টাকা ব্যয় করেছে। আর এই ২০১২ সালে এ খাতে ব্যয় হবে ৫০০ কোটি টাকা।