বিশ্বমন্দায় চামড়ার রপ্তানি ও কার্যাদেশ দুই-ই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বর্তমান পরিস্থিতি কী?বেলাল হোসেন: প্রতিবছর রপ্তানি বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম। ২০০৮-০৯ অর্থবছরে বিশ্বমন্দার সময় আমরা ৩৭ কোটি ৯০ লাখ ডলারের চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি করেছিলাম। তার পরের অর্থবছরে রপ্তানি হয়েছে ৪৫ কোটি ডলারের পণ্য। অথচ, আশা ছিল আরও বেশি পণ্য রপ্তানি হবে। ২০১০-১১ অর্থবছরে আয় হয় ৬৫ কোটি ১০ লাখ ডলার। আর গত অর্থবছরে রপ্তানি হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ ডলারের পণ্য। দুই মাস ধরে রপ্তানি অনেক কমে গেছে। আগামী দুই মাসে কতটুকু রপ্তানি হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।প্রথম আলো: ইউরোপের মন্দায় কি দেশের চামড়া খাত আক্রান্ত হয়েছে?বেলাল হোসেন: চামড়াজাত পণ্যের ৭০ শতাংশই রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে। সেসব দেশে ঋণসংকট এবং বিশ্বমন্দার কারণে বিশ্ববাজারে চামড়ার দাম অনেক কমে গেছে। দুই মাসে দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। দুই মাস আগে প্রতি বর্গফুট চামড়া মানভেদে ২ দশমিক ৩০ ডলার থেকে ২ দশমিক ৫০ ডলারে বিক্রি হলেও এখন তার দাম ১ দশমিক ৭০ ডলার থেকে ১ দশমিক ৯০ ডলার। আবার দুই মাসে বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশও (অর্ডার) কমেছে। অনেক ক্রেতাই কার্যাদেশ বাতিল করেছে। অনেকে লোকসানের ভয়ে কম দামে চামড়া রপ্তানি করছে না। আমার সংগঠনের হিসাবে, দুই মাসে ১৫ থেকে ২০ লাখ বর্গফুট চামড়ার কার্যাদেশ বাতিল হয়েছে। বিক্রি করতে না পারায় বর্তমানে ট্যানারিগুলোতে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার চামড়া পড়ে আছে। এর মধ্যে গত বছরের কোরবানিতে কেনা চামড়াও রয়েছে।প্রথম আলো: এ বছর কোরবানির চামড়ার দর নির্ধারণ করা হলো না। এতে তো জটিলতা হয়?বেলাল হোসেন: বিশ্ববাজারে চামড়ার দর এমনিতেই কমছে। আরও কমার আশঙ্কা রয়েছে। সে কারণেই এবার চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করা হয়নি। আমরা তিনটি সংগঠন সভা করে বিষয়টি ঠিক করেছি। তাই কোনো জটিলতা হওয়ার আশঙ্কা নেই। সভা থেকে মাঠপর্যায়ের চামড়ার ক্রেতাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়া কিনতে বলার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মৌসুমি ব্যবসায়ীরা না বুঝেই বেশি দামে চামড়া কিনেছিল। সে কারণে কিছুটা ঝামেলা হয়েছিল। আশা করি, এবার তা হবে না। তবে চামড়া বিক্রি না হওয়ায় ট্যানারি মালিকেরা এখন অর্থকষ্টে আছেন। এবার গত বছরের চেয়ে বেশি ঋণ দেওয়ার অনুরোধ জানিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে আমরা চিঠি দিয়েছি। কিন্তু এখনো কিছু জানা যায়নি। ঋণ না পেলে আমরা চামড়া কিনতে পারব না। ফলে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।প্রথম আলো: ট্যানারি স্থানান্তরে আপনারা নাকি আগ্রহী না?বেলাল হোসেন: এটা একটা মিথ্যা কথা। সাভারে যেতে আমরা সব সময়ই আগ্রহী। নইলে আমরা প্লটের জন্য অগ্রিম টাকা দিয়ে রেখেছি কেন? কিন্তু সরকার তো এখনো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ করতে পারেনি। আমাদের ক্ষতিপূরণের বিষয়টিও মীমাংসা হয়নি। ছয় বছর আগে শিল্প মন্ত্রণালয় বলেছিল সাভারে যাওয়ার জন্য ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা এখনো পাইনি। ছয় বছর পর এখন আমাদের ক্ষতিপূরণের দাবি তিন হাজার কোটি টাকা। মন্ত্রণালয় যেভাবে ক্ষতিপূরণ হিসাব করে সে হিসাবেও আমাদের অন্তত ৭৫০ কোটি টাকা দিতে হবে। ক্ষতিপূরণ না দিলে এবং ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে না দিলে আমাদের সাভারে কারখানা স্থাপন করা সম্ভব নয়।প্রথম আলো: তা হলে কি সাভার যাত্রা আরও দীর্ঘসূত্রতায় পড়বে?বেলাল হোসেন: ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিলে আমরা সেখানে চলে যাব। এ দুটো বিষয় নিশ্চিত করা হলে আর সিইপিটির কাজ ৭০ শতাংশ শেষ হলেই আমরা ট্যানারি স্থানান্তরের কাজ শুরু করব। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করতে বড়জোড় ছয় থেকে নয় মাস লাগবে। বড় ট্যানারি স্থানান্তর করতে হয়তো আরেকটু বেশি সময় লাগতে পারে। [সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]