বিশ্বমানের বাণিজ্যসেবা দিতে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। গতকাল শনিবার ইস্টার্ন ব্যাংক আয়োজিত ‘বিশ্ব বাণিজ্য সেবা এবং বাংলাদেশের সামনে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তারা এই তাগিদ দেন। এই অধিবেশনে বক্তারা জানান, বিশ্বমানের বাণিজ্যসেবা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সহসভাপতি লতিফুর রহমান, ব্যাংকিংবিষয়ক আইসিসি কমিশনের সদস্য ভিনসেন্ট ও’ব্রেইন, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান প্রমুখ। গুলশানের ওয়েস্টিন হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির ৪০ শতাংশ মুক্তবাজারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আগামী দুই বছরের মধ্যে অর্থনীতি আরও উন্মুক্ত হবে। বাজার আরও উন্মুক্ত করতে আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন ও কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।ডেপুটি গভর্নর আরও জানান, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধমান। তাই বাংলাদেশের বাণিজ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ৪০ কোটি ডলারের একটি রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। প্রথমে এই তহবিল অফশোর ব্যাংকিংয়ের জন্য প্রযোজ্য হবে, পরে তা ব্যাংকিং খাতের অন্যান্য শাখায় ছড়িয়ে দেওয়া হবে।আন্তর্জাতিক মানের বাণিজ্যসেবা সম্পর্কে জিয়াউল হাসান সিদ্দিকী আরও জানান, দেশের অনেক আন্তর্জাতিক মানের বিদেশি ব্যাংক রয়েছে। দেশি ব্যাংকগুলো এসব ব্যাংককে মানক্রম (বেঞ্চমার্ক) ধরে এগিয়ে যেতে পারে। এ জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।লতিফুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য আরও আগ্রাসীভাবে প্রবেশ করছে। বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।তিনি জানান, প্রথমবারের মতো ইস্টার্ন ব্যাংক বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য এ ধরনের কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালা থেকে ব্যবসায়ীসমাজ, ব্যাংক, গ্রাহক সবাই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভিনসেন্ট ও’ব্রেইন বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে সক্রিয় হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। এ জন্য ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের প্রতিটি শাখায় দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। উদ্বোধনী অধিবেশনের পর দুটি কর্ম-অধিবেশন হয়। আইসিসি রুলস অ্যান্ড গ্লোবাল প্র্যাকটিস ও রেগুলেশন্স অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ—এই দুটি কর্ম-অধিবেশন পরিচালনা করেন যথাক্রমে ভিনসেন্ট ও’ব্রেইন ও বিআইবিএমের পরিচালক শাহ মো. আহসান হাবিব। কর্মশালায় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠানগুলোর ২৫০ জন প্রতিনিধি অংশ নেন।