বিশ্বমানের বিনিয়োগনীতি প্রণয়ন করার আহ্বান
এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্রুত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্টকারী দেশের তালিকায় শীর্ষে উঠে আসতে পারে। এ জন্য বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগনীতি ও বিনিয়োগবান্ধব আইন প্রণয়ন এবং ভৌত অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে।রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের বিনিয়োগনীতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) এবং শিল্প মন্ত্রণালয় যৌথভাবে গতকাল রোববার কর্মশালাটির আয়োজন করে।শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিন, আঙ্কটাডের বিনিয়োগ বিশেষজ্ঞ হ্যান্স বামগার্টেন ও কিওশি আদাচি, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাবাস চন্দ্র মণ্ডল প্রমুখ। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী বিনিয়োগনীতি প্রণয়ন করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে আঙ্কটাড ইতিমধ্যে একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। এ প্রতিবেদনের ওপর আলোচনার জন্যই মূলত কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, গত এক দশক ধরে অর্জিত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিরাট সুযোগ এনে দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নমনীয় বিনিয়োগ ও আর্থিক নীতি প্রয়োজন। আর এর সঙ্গে পর্যাপ্ত বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ অবকাঠামো ও বন্দরসুবিধা নিশ্চিত করতে হবে। সম্ভাবনা থাকার পরও এসব শর্ত পুরোপুরি পূরণ না করায় বাংলাদেশে এখনো কাঙ্ক্ষিত পরিমাণে বিদেশি বিনিয়োগ আসেনি।