বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করতে প্রাণ-আরএফএল গ্রুপের সিলভান টেকনোলজিস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি এবিবি লিমিটেড। রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে গতকাল রোববার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে।
সিলভান টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খান ও এবিবি লিমিটেডের মহাব্যবস্থাপক মোশফেক উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, এবিবির কারিগরি সহায়তায় সিলভান টেকনোলজিস বিশ্বমানের মিডিয়াম ভোল্টেজ টাইপ টেস্টেড প্যানেল ও প্যানেল-সংক্রান্ত বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে। চুক্তি অনুযায়ী এসব পণ্য দেশ-বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা, এবিবির ব্যবস্থাপনা পরিচালক হরিকিষান নারায়ণ, সরকারী মহাব্যবস্থাপক আরিফুজ্জামান কায়সার, সিলভান টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত হাসান ও সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক মেরাজ বিন মিজান।
সিলভান টেকনোলজিস প্যানেল প্রস্তুতের পাশাপাশি ট্রান্সফরমার, প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বাজারজাত করছে।