বিশ্বে দৈনিক চার লাখ কোটি ডলারের মুদ্রা লেনদেন হয়
বিশ্বে এখন প্রতিদিন যে পরিমাণ মুদ্রার বাণিজ্যিক লেনদেন হয়, তার মূল্যমান অন্তত চার লাখ কোটি ডলার।গত তিন বছরে বৈশ্বিক মুদ্রাবাজারে বিভিন্ন মুদ্রার বাণিজ্যিক লেনদেন ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এখন এ অবস্থা সৃষ্টি হয়েছে।ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (বিআইএস) অতি সম্প্রতি মুদ্রাবাজারের ওপর যে জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব তথ্য বেরিয়ে এসেছে। বিআইএস তিন বছর অন্তর এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে থাকে। আর এ জরিপ সম্পন্ন করা হয় এপ্রিল মাসে।২০০৮ সালে সৃষ্ট বিশ্ব আর্থিক সংকটের পর এটাই বৈশ্বিক মুদ্রাবাজারের ওপর বিআইএসের প্রথম জরিপ প্রতিবেদন। এতে দেখা যায় যে তিন বছর আগের তুলনায় এখন বৈদেশিক মুদ্রা লেনদেন বৃদ্ধির হার অনেকটাই কম। ২০০৭ সালে প্রকাশিত জরিপে বলা হয়েছিল, বৈশ্বিক মুদ্রাবাজারের বাণিজ্যিক লেনদেন ৭২ শতাংশ হারে বেড়েছিল। আর সেই সময় দৈনিক লেনদেনের মূল্যমান ছিল ৩ দশমিক ৩০ ট্রিলিয়ন (তিন লাখ ৩০ হাজার কোটি) ডলার।নতুন জরিপ থেকে আরও জানা যায়, মুদ্রা লেনদেনের কেন্দ্র হিসেবে শীর্ষে রয়েছে লন্ডন। বিশ্বের মোট মুদ্রা বাণিজ্যের বা লেনদেনের ৩৭ শতাংশ সম্পন্ন হয় লন্ডনকে কেন্দ্র করে। আর শুধু লন্ডনে যা লেনদেন হয়, তার অর্ধেক হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিআইএসের তথ্যানুসারে, মার্কিন ডলার এখনো বিশ্বের শীর্ষ লেনদেন হওয়া মুদ্রা। মোট লেনদেনের ৮৫ শতাংশই হলো মার্কিন ডলার। অবশ্য ২০০৭ সালের হিসেবে এ হিস্যা ছিল সাড়ে ৮৫ শতাংশ।অন্যদিকে মোট লেনদেনে ইউরোর অংশ ২০০৭ সালের ৩৭ শতাংশ থেকে বেড়ে ২০১০ সালে ৩৯ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে। উল্লেখ্য, মুদ্রার বাণিজ্যিক লেনদেনে যেহেতু দুটি মুদ্রা ব্যবহূত হয়, সেহেতু মোট লেনদেনে একক মুদ্রার মোট শত ভাগের পরিবর্তে ২০০ শতাংশ ধরে হিসাব করা হয়।আবার মুদ্রাজোড়া হিসেবে মোট লেনদেনের ২৮ শতাংশই সম্পন্ন হয়ে থাকে মার্কিন ডলার ও ইউরোর মধ্যে। ডলার-ইউরোর পারস্পরিক কেনাবেচাই বৈশ্বিক মুদ্রাবাজারের লেনদেনের প্রধান অংশ হিসেবে বিবেচিত হয়।বিআইএস তথ্য আরও দেখায় যে মুদ্রায় বিনিয়োগকারীরা দ্রুত অগ্রসরমান অর্থনীতি ও বড় পণ্য উৎপাদকদের দিকে ঝুঁকছেন। আর তাই মার্কিন ডলার ও অস্ট্রেলীয় ডলারের মধ্যে বেচাকেনা ২০০৭ সালের তুলনায় ৩৫ শতাংশ এবং মার্কিন ডলার ও কানাডীয় ডলারের মধ্যে বেচাকেনা একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের মুদ্রা ইউয়ান, ব্রাজিলের রিয়াল ও ভারতের রুপির লেনদেনও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।বিআইএস তথ্য পর্যালোচনায় জানা যায়, মুদ্রার বাজার বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার। এ বছর এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের দৈনিক গড় লেনদেন ছিল ১৩ হাজার ৪০০ কোটি ডলার। একই সময়ে দেশটির ট্রেজারি বন্ডের দৈনিক গড় লেনদেন ছিল ৪৫ হাজার ৬০০ কোটি ডলার। সূত্র: বিবিসি/ওয়ালস্ট্রিট জার্নাল।