বিশ্বে প্রবাসী-আয় প্রাপ্তির তালিকায় বাংলাদেশ অষ্টম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী-আয় বা রেমিট্যান্স প্রাপ্তির দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশ হলো ভারত। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন অষ্টম।
বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বে উন্নয়নশীল দেশগুলো ৪০ হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় পেয়েছে। এর মধ্যে ভারত পেয়েছে সাত হাজার কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। দেশটির অভিবাসীরা নিজ দেশে ছয় হাজার কোটি ডলারের অর্থ পাঠিয়েছেন গত বছর।
বিশ্বব্যাংকের এই তালিকায় বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে অষ্টম। ২০১৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে এক হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন।
বিশ্বব্যাংকের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ফিলিপাইন ও মেক্সিকো। আফ্রিকার দেশ নাইজেরিয়া ও মিসর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। পাকিস্তানের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে থাকা বাংলাদেশের পরে নবম ও দশম স্থানে আছে যথাক্রমে ভিয়েতনাম ও ইউক্রেন।
বিশ্বব্যাংক আরও বলছে, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেমিট্যান্সের অবদানের দিক থেকে শীর্ষে আছে তাজিকিস্তান, যার জিডিপির ৫২ শতাংশ হিস্যা এই প্রবাসী-আয়ের। ৩১ শতাংশ হিস্যা নিয়ে কিরগিজ প্রজাতন্ত্র দ্বিতীয় এবং ২৫ শতাংশ হিস্যা নিয়ে নেপাল ও মালদোভা যুগ্মভাবে তৃতীয় অবস্থানে আছে।