বিশ্বে বেকারের সংখ্যা এ বছর ২০ কোটি ২০ লাখে উন্নীত হবে: আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে কর্মহীন তথা বেকার মানুষের সংখ্যা এ বছর ২০ কোটি ২০ লাখে উন্নীত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।সংস্থাটি বলেছে, বিশ্ব আর্থিক সংকটের পাঁচ বছর পর এসেও বেকার মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। ২০১২ সালে কর্মহীন মানুষের সংখ্যা ছিল ১৯ কোটি ৭০ লাখ। সে হিসাবে এ বছর আরও অন্তত ৫০ লাখ মানুষ নতুনভাবে কর্মহীন হবে।কর্মসংস্থান-বিষয়ক আইএলওর বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। খবর এএফপির।প্রতিবেদন প্রকাশকালে আইএলওর প্রধান গাই রাইডার বলেন, ২০০৭ সালে আর্থিক সংকট শুরু হওয়ার বছরে যে পরিমাণ লোক বেকার ছিল, ২০১২ সাল শেষে তার সঙ্গে আরও দুই কোটি ৮০ লাখ বেকার লোক যোগ হয়েছে। আর ২০০৯ সালে বিশ্বে কর্মহীন লোকের সংখ্যা ১৯ কোটি ৯০ লাখে উন্নীত হয়েছিল, যা ছিল সর্বকালের রেকর্ড।আইএলও আরও আশঙ্কা করছে, ২০১৪ সালে আরও ৩০ লাখ লোক কর্মহীন হবে। আর ২০১৭ সালে বিশ্বজুড়ে বেকার মানুষের সংখ্যা ২১ কোটি ছয় লাখে উন্নীত হতে পারে।গাই রাইডার বলেন, অর্থনৈতিক সংকটে সৃষ্ট বেকারত্ব পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে মূলত গোটা সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের খণ্ডিত পদক্ষেপ গ্রহণ করায় এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সামঞ্জস্যহীনতায়।প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, সামগ্রিক চাহিদা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন দেশে রাজস্ব কৃচ্ছ্রের পদক্ষেপ নেওয়ায় শ্রমবাজার আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা, এই পদক্ষেপ সরাসরি কর্মসংস্থান ও মজুরি হ্রাস করেছে।এতে বলা হয়, বর্তমানে দুনিয়াজুড়ে প্রায় সাত কোটি ৩৮ লাখ যুবশক্তি কর্মহীন, যাঁদের বয়স ১৫ থেকে ২৪ বছর।