বিশ্বে অর্থায়ন ও ব্যবসায়ে ছয় পথিকৃৎ ব্যক্তিত্বের একজন হলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস তাঁকে এ স্বীকৃতি দিয়েছে। পত্রিকাটির গত ৩১ মার্চ সংখ্যায় প্রকাশিত ‘বিজনেস পাইওনিয়ারস ইন ফাইন্যান্স’ শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশি এ অর্থনীতিবিদের নাম এসেছে।
ড. ইউনূসের পাশাপাশি এ তালিকায় আরও আছেন বিশ্বের তৃতীয় সেরা ধনী বিনিয়োগগুরু খ্যাত যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট, ব্যাংক অব আমেরিকার প্রতিষ্ঠাতা অ্যামাদেও জিয়ান্নিনি, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান কেকেআরের সহ-প্রতিষ্ঠাতা হেনরি ক্রেভিস, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও প্রভাবশালী ব্যাংকার জন পিয়েরপন্ট মরগ্যান এবং জার্মানির রথশিল্ড ব্যাংকিং ডাইন্যাস্টির প্রতিষ্ঠাতা ও মানব ইতিহাসের অন্যতম ধনাঢ্য রথশিল্ড পরিবারের সদস্য মেয়ার অ্যামচেল রথশিল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থায়নের প্রসারের ক্ষেত্রে এ ছয় ব্যক্তির অবদান অপরিসীম। বিশ্বজুড়ে বিনিয়োগ ও ঋণের প্রসারে তাঁরা পথিকৃৎ হিসেবে কাজ করেছেন।
প্রতিবেদনে আধুনিক বিশ্বে ক্ষুদ্রঋণের প্রসারে বাংলাদেশের ড. ইউনূসের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে তাঁর চালু করা ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়ের ধারণা বিশ্বব্যাপী খুব ভালোভাবে গৃহীত হয়েছে।
ড. ইউনূসের জন্ম ও পড়ালেখার বর্ণনা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৬ সালে তিনি খুব ছোট পরিসরে গ্রামের দরিদ্র নারীদের দিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূচনা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক; যার মাধ্যমে ২০১৩ সাল পর্যন্ত ৭০ লাখ গ্রাহককে ১৬০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঋণ দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে বিশ্বের অনেক দেশে এখন ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু আছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনীতির চেয়ে শান্তি প্রতিষ্ঠায় বেশি অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে শান্তিতে তাঁর নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারটিও প্রতিবেদনে উঠে এসেছে।
ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফলতার পাশাপাশি ড. ইউনূসকে নিয়ে কিছু সমালোচনার কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বিশ্বের অনেক দেশে ক্ষুদ্রঋণ মডেলের ধারণা সাফল্য পায়নি। ক্ষুদ্রঋণ মধ্যম ও বড় আকারের ব্যবসায়িক ঋণের অর্থায়নের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভারতের হায়দরাবাদে ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করতে পারেনি।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এই ব্যাংকের পরিচালনার কর্তৃত্ব নিয়ে সরকারের সঙ্গে বিরোধের কারণে ২০১১ সালে ড. ইউনূস পদত্যাগ করতে বাধ্য হন।
ক্ষুদ্রঋণের পাশাপাশি ড. ইউনূসের সামাজিক ব্যবসায়ের ধারণার প্রশংসা করে প্রতিবেদনে এ ক্ষেত্রে তাঁকে পথিকৃৎ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সামাজিক ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক লাভ বিনিয়োগকারীদের না দিয়ে আবার ব্যবসায় খাটানো হয়।
প্রতিবেদনে ওয়ারেন বাফেট সম্পর্কে বলা হয়েছে, সর্বকালের শ্রেষ্ঠ বিনিয়োগকারী হিসেবে তিনি নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিনিয়োগের ধারণা পরিবর্তনে তাঁর অবদান এত বিশাল যে, তা পরিমাপ করা বেশ কঠিন।
৫০ বছর আগে বার্কশায়ার হ্যাথওয়ে নামের ধুঁকতে থাকা একটি বস্ত্র প্রতিষ্ঠানকে কীভাবে তিনি বিশ্বের অন্যতম বড় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করলেন, সেটি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।