বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ১.৪৭ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বর্তমান বিশ্বে মিলিয়নিয়ার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার। কমপক্ষে ১০ লাখ ডলার বা এর বেশি সম্পদশালী ব্যক্তিকে বলা হয় মিলিয়নিয়ার। ২০১৪ সালে এমন মিলিয়নিয়ারের সংখ্যা বিশ্বে বেড়েছে ৯ লাখ ২০ হাজার। বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাপজেমিনি ও আরবিসি ওয়েলথ ম্যানেজমেন্টের তৈরি ‘ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটির সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ ও তাদের হাতে থাকা সম্পদের পরিমাণ বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। জনসংখ্যার বিচারে উত্তর আমেরিকাকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এ অঞ্চলে মিলিয়নিয়ারের সংখ্যা এখন ৪৬ লাখ ৯০ হাজার। উত্তর আমেরিকা মহাদেশে এমন মিলিয়নিয়ার আছেন ৪৬ লাখ ৮০ হাজার, ইউরোপে ৩৯ লাখ ৮০ হাজার, মধ্যপ্রাচ্যে ছয় লাখ, লাতিন আমেরিকায় পাঁচ লাখ আর আফ্রিকা মহাদেশে দুই লাখ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও চীন—এ চারটি দেশে বিশ্বের মোট মিলিয়নিয়ারের ৬০ শতাংশ বসবাস করেন। ২০১৪ সালে মিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ২০১৪ সালে মিলিয়নিয়ারের সংখ্যা হয়েছে ১ লাখ ৯৮ হাজার। শীর্ষ মিলিয়নিয়ারভুক্ত দেশগুলোর তালিকায় ভারত আছে ১১ নম্বরে। এ তালিকার শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ারের সংখ্যা ৪৩ লাখ ৫১ হাজার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জাপানের মিলিয়নিয়ার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলধনি বিনিয়োগ খাতে বিশ্বের ধনী ব্যক্তিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেন। এ ছাড়া আর্থিক খাত, আবাসন, স্থায়ী আয়—এমন খাতেও ধনীরা বিনিয়োগ করতে পছন্দ করেন।