বিশ্বে সামাজিক ব্যবসা ধারণার প্রসার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বার্লিনে বিশ্ব সামাজিক ব্যবসায় সম্মেলন শুরুর আগে গত মঙ্গলবার ভিডিও বার্তা দেন ড. মুহাম্মদ ইউনূস l ছবি: ইউনূস সেন্টার
জার্মানির বার্লিনে বিশ্ব সামাজিক ব্যবসায় সম্মেলন শুরুর আগে গত মঙ্গলবার ভিডিও বার্তা দেন ড. মুহাম্মদ ইউনূস l ছবি: ইউনূস সেন্টার

পুঁজিবাদী রাষ্ট্র থেকে সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ। সমস্যা ভিন্ন ভিন্ন, কিন্তু সমাধানের পথ হতে পারে একটি। আর তাই উন্নয়নশীল থেকে উন্নত দেশ, ছোট থেকে বৃহৎ রাষ্ট্রে সামাজিক ব্যবসা ধারণার প্রসার বাড়ছে।
প্রায়োগিক দিক থেকে যেমন এটির ব্যবহার বাড়ছে, তেমনি শিক্ষা ও গবেষণায় এটির চর্চা বাড়ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ে ইউনূসের নামে সামাজিক ব্যবসাকেন্দ্র বা সোশ্যাল বিজনেস সেন্টার স্থাপন করা হয়েছে।
সেই সব সেন্টারের কেন্দ্রের কার্যক্রম ও সামাজিক সমস্যা নিরসনে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে গত মঙ্গলবার ও বুধবার জার্মানির রাজধানী বার্লিনে হয়েছে নানা আলোচনা। এসব আলোচনায় অংশ নেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। যাঁদের উদ্দেশে এক ভিডিও বার্তায় সামাজিক ব্যবসা ধারণার জনক ড. ইউনূস বলেছেন জীবনের লক্ষ্য বদলের স্বপ্ন দেখতে, যে স্বপ্ন পাল্টে দিতে পারে পৃথিবীটাকে।
বার্লিনে অনুষ্ঠেয় চার দিনব্যাপী বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন উপলক্ষে আয়োজিত দুই দিনের একাডেমিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সামাজিক ব্যবসা সম্মেলনের তিনি মূল আকর্ষণ হলেও এবার তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে গতকাল বুধবার বার্লিনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। বার্লিনের অব্যবহৃত পুরাতন বিমানবন্দর টেম্পলহপে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত মঙ্গল ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একই শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইউরোপিয়ান স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (ইএসএমটি) অনুষ্ঠিত হয় একাডেমিক সম্মেলন। এটির আয়োজক বাংলাদেশের ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ জানান, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব উদ্যোগ ও সম্পদ দিয়ে সামাজিক ব্যবসা নিয়ে কার্যক্রম চলছে।
ইউনূসের সামাজিক ব্যবসার ধারণাকে কাজে লাগিয়ে কীভাবে সামাজিক সমস্যা দূর করা যায়, তা নিয়েই মূলত এসব কেন্দ্রে গবেষণা ও প্রকল্প কার্যক্রম চালানো হচ্ছে। দুই দিনের একাডেমিক সম্মেলনে সেই সব কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের বিষয়ে ৩৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ ধরনের আয়োজন প্রসঙ্গে লামিয়া মোরশেদ বলেন, সামাজিক ব্যবসার ধারণাকে সমাজের সমস্যা মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান ড. ইউনূস।
একাডেমি সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশে ভিডিও বার্তায় ড. ইউনূস বলেছেন, দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সামাজিক ব্যবসা বড় ভূমিকা রাখতে পারে। এ ছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণেও (এসডিজি) সামাজিক ব্যবসাকে কাজে লাগানো সম্ভব। এ সময় তিনি বলেন, সারা বিশ্বের সমস্যা কী তা আমরা সবাই জানি। এখন সময় এসেছে সেই সব সমস্যার টেকসই সমাধানের।
এদিকে, গত বুধবার বার্লিনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় গত রাত ১১টায়) চার দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ভিডিও বার্তায় সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি আপনাদের মিস করছি।’ বর্তমানে ইউনূস যুক্তরাষ্ট্রে রয়েছেন। ড. ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বহুজাতিক কোম্পানিতে ভালো বেতনের চাকরি—এটা কখনো একজন শিক্ষার্থীর জীবনের লক্ষ্য হতে পারে না। অথচ প্রচলিত শিক্ষাব্যবস্থা চাকরিটাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে তুলেছে শিক্ষার্থীদের সামনে। সেই অবস্থার বিপরীতে সামাজিক ব্যবসার ধারণাটা শিক্ষার্থীদের জন্য জীবনের লক্ষ্য নির্ধারণের বিকল্প ভাবনার পথ খুলে দেবে। এ কারণে পৃথিবীজুড়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক ব্যবসাকে গবেষণা ও শিক্ষার অংশ করে তুলতে কাজ করছেন তিনি।
চার দিনের বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের আয়োজনটি করা হয়েছে বাংলাদেশের ইউনূস সেন্টার ও জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের যৌথ উদ্যোগে।