বিশ্বের অচল প্রথা সচল চট্টগ্রাম বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারে পণ্য পরিবহন শুরুর ৩৮ বছর পরও পুরোনো প্রথা থেকে এখনো বের হতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যভর্তি কনটেইনারের এখনো অর্ধেকের বেশি বন্দরের মূল চত্বর থেকে খুলে ট্রাক ও কাভার্ড ভ্যানে বোঝাই করে খালাস নেন আমদানিকারকেরা। বিশ্বের কোনো বন্দরের মূল চত্বর থেকে একক আমদানিকারকের পণ্যভর্তি (এফসিএল) কনটেইনার খুলে পণ্য খালাস হয় না। এই পদ্ধতিকে ‘অদক্ষ’ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
পুরোনো এই প্রথার কারণে বন্দর এখন একগুচ্ছ সমস্যায় ডুবে আছে। আমদানি বাড়ার সঙ্গে বন্দরের অভ্যন্তরে লোকজনের আসা-যাওয়া বাড়ছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। আবার নিরাপত্তা রক্ষায়ও হিমশিম খেতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। যানজট, দুর্ঘটনাও হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক-বিশ্বের কোনো বন্দরে মূল ইয়ার্ড (চত্বর) থেকে কনটেইনার খুলে পণ্য খালাস করা হয় না। এই প্রথা থেকে বেরিয়ে আসার জন্য বন্দরের মূল ইয়ার্ডের বাইরে পুরোনো ডক শ্রমিক কলোনি এলাকায় দ্বিতীয় ওভার ফ্লো ইয়ার্ড নির্মাণ করার প্রক্রিয়া চলছে। এটি নির্মাণ হলে বন্দর চত্বর থেকে কনটেইনার খুলে খালাসের হারও কমে আসবে।’
বন্দরের হিসেবে দেখা যায়, গত বছর (২০১৪) বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার খালাস হয় ৭ লাখ ৬০ হাজার ৯৭৩টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এর মধ্যে বন্দরের চত্বরে কনটেইনার খুলে পণ্য ট্রাকে বা কাভার্ড ভ্যানে বোঝাই করে খালাস নেওয়া হয় ৫৭ শতাংশ (৪ লাখ ৩১ হাজার ৩২৫টি)। বন্দর চত্বরে কনটেইনার না খুলে সরাসরি কনটেইনারসহ বন্দর চত্বর থেকে খালাস নেওয়া হয় ৪৪ শতাংশ। এর মধ্যে পণ্যসহ কনটেইনার বন্দর চত্বর থেকে পরিবহন করে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের কারখানা চত্বরে নেওয়া হয় ১৮ শতাংশ ( ১ লাখ ৩৪ হাজার ৭২২টি)। বেসরকারি ১৬টি ডিপোতে নিয়ে খালাস হয় ২৬ শতাংশ ( ১ লাখ ৯৪ হাজার ৯২৬টি)।
বন্দরের হিসেবে, এখনো প্রতিদিন ১০ থেকে ১৪ হাজার লোককে বন্দরের অভ্যন্তরে নানা কাজে আসা-যাওয়া করতে হয়। কনটেইনার খুলে পণ্য খালাস নেওয়ার জন্য চালক, সহকারী ও এ-সংক্রান্ত কাজে নিয়োজিত শ্রমিকদের বন্দরের মূল চত্বরে আসা-যাওয়াই এর প্রধান কারণ।
বন্দর সূত্রে জানা যায়, ১৯৭৭ সালে কনটেইনার পরিবহন শুরুর পর থেকে ২০০৬ সাল পর্যন্ত আমদানি পণ্যভর্তি কনটেইনারের প্রায় পুরোটাই বন্দর চত্বর থেকে ট্রাক ও কাভার্ড ভ্যানে বোঝাই করে খালাস হতো। ২০০৬ সালের নভেম্বরে নয়টি আমদানি পণ্যভর্তি কনটেইনার বন্দরের পরিবর্তে বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের জন্য আদেশ জারি করে কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বন্দরের এক থেকে ২৬ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বেসরকারি ডিপোগুলো থেকে সময়-সুযোগ মতো পণ্য খালাস করে নেন আমদানিকারকেরা। এরপর কয়েক দফায় এই সংখ্যা বাড়িয়ে আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা ২৯টিতে উন্নীত করা হয়। তবে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ছাড়া কারখানা চত্বরে সরাসরি কনটেইনার খালাসের হার এখনো কম।
বন্দরের সাবেক সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) হাদী হোসেন প্রথম আলোকে বলেন, মূল চত্বর থেকে কনটেইনার খুলে পণ্য খালাস নেওয়ার সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হলে বন্দরের বাইরে কনটেইনার ইয়ার্ড নির্মাণ করতে হবে। এ ছাড়া বেসরকারি ডিপোতেও আরও বেশিসংখ্যক পণ্যভর্তি কনটেইনার খালাসের বাধ্যবাধকতার জন্য আইনগত সুযোগ করে দিতে হবে।
বিশ্বের অনেক দেশে বন্দর চত্বর থেকে শুধু একাধিক আমদানিকারকের পণ্যভর্তি (এলসিএল) কনটেইনার খুলে খালাস দেওয়া হয়। একক আমদানিকারকের পণ্যভর্তি (এফসিএল) কনটেইনার বন্দরের বাইরের ইয়ার্ডে খালাস দেওয়া হয়। একক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার বন্দর চত্বর থেকে খালাসের পদ্ধতিকে অদক্ষ হিসেবে চিহ্নিত করে মেসার্স নাথান অ্যাসোসিয়েটস নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান। এই অদক্ষ পদ্ধতি দ্রুত বন্ধ করার জন্য ২০০৯ সাল থেকেই সংস্থাটি তাগাদা দিয়েছিল।