বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে মার্কিন ডলার ও স্থানীয় টাকার বিনিময় হার স্থিতিশীল ছিল। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭০ টাকা ৩০ পয়সা থেকে ৭০ টাকা ৩৫ পয়সায় লেনদেন হয়। মঙ্গলবার তা ৭০ টাকা ৩৫ পয়সায় স্থিতিশীল হয়ে পড়ে এবং সপ্তাহের শেষেও একই দর অব্যাহত থাকে।মঙ্গলবার দুই কোরিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে ওঠেন। এর ফলে প্রায় সব প্রধান মুদ্রার বিপরীতেই মার্কিন ডলারের দর বেড়ে যায়। দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের বিপরীতে ডলারের দর প্রায় সাড়ে তিন শতাংশ বাড়ে, যা গত সেপ্টেম্বরের পর ওনের বিপরীতে ডলারের সর্বোচ্চ দর।একই দিনে ইউরো গত দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ দিন প্রতি ইউরোর দর ১ দশমিক ৩২৮৪ ডলারে নেমে যায়। তবে বুধবার প্রকাশিত আগের সপ্তাহের কর্মসংস্থানের তথ্য ভালো হওয়ায় ডলারের বিপরীতে ইউরো কিছুটা শক্তি ফিরে পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি।উল্লেখ্য, গ্রিসের ঋণ-সংকটের পরিস্থিতিতে গত জুনে ইউরোর বিনিময় হার ১ দশমিক ১৮৭৬ ডলারে নেমে গিয়েছিল। গত সপ্তাহের অনেকগুলো গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে যাওয়ার পর ইউরোর সামনে ২০০ দিনের মুভিং এভারেজ ১ দশমিক ৩১৩১ এবং এরপর জুন থেকে নভেম্বর ঊর্ধ্বগামিতার ৫০ শতাংশ রিট্রেসমেন্ট ১ দশমিক ৩০৮০ ডলারের সাপোর্ট অপেক্ষা করছে। অপশনস বাজারে আগামী এক মাসের ইউরো পুট কেনার আগ্রহ দেখে বিশ্লেষকেরা বলছেন, ইউরো আগামী এক মাসে হয়তো আরও দুর্বল হতে পারে। তাঁরা আরও বলেন, ইউরো অঞ্চলের প্রায় ১২ শতাংশজুড়ে থাকা স্পেনের অর্থনৈতিক অবস্থাই ইউরোর ভবিষ্যৎ বলে দেবে।গত সপ্তাহে (২১ থেকে ২৭ নভেম্বর) ডলারের বিপরীতে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং গত দুই মাসের সর্বনিম্নে চলে যায়। জুলাই মাসের পর প্রথমবারের মতো পাউন্ড স্টার্লিং তার ১০০ দিনের মুভিং এভারেজের নিচে ১ দশমিক ৫৭০০ ডলারের কাছাকাছি চলে আসে।যা হোক, সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩২৪৪ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৫৯৫ ডলারে এবং প্রতি ডলার ৮৪ দশমিক ১২ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়।গত সপ্তাহের শুরুতে কোরিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি, আয়ারল্যান্ডের ঋণ-সংকট ঘনীভূত হওয়ায় এবং অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দর বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম খানিকটা পড়ে যায়। এ সময় যুক্তরাষ্ট্রভিত্তিক নাইমেক্স সূচকে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৮০ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। তবে যুক্তরাষ্ট্রের মজুদ করার খবরের আগে সপ্তাহের শেষ দিনে প্রতি ব্যারেল তেল ৮৩ দশমিক ৮৭ ডলারে কেনাবেচা হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ