বিশ্বের ব্যয়বহুল শহর হংকং

চাকরি নিয়ে অথবা ব্যবসায়িক কারণে যাঁরা হংকংয়ের রাজধানী হংকং সিটিতে বসবাস করার চিন্তা করছেন, তাঁরা সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখতে পারেন। কারণ, এখানে থাকতে হলে দুই কক্ষের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ টাকা। আর এক কাপ কফি খাওয়ার জন্য ব্যয় করতে হবে ৬৫০ টাকা। জীবনযাপনে এমন আকাশচুম্বী খরচের কারণে হংকং ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে।
বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের তৈরি করা বিশ্বের ১০টি ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে হংকং। দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের শহর জুরিখ থাকলেও চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে এশিয়ার সিঙ্গাপুর ও জাপানের রাজধানী টোকিও। শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো কঙ্গোর রাজধানী কিনসাসা, চীনের সাংহাই, সুইজারল্যান্ডের জেনেভা, শাদের রাজধানী এনজামেনা ও চীনের রাজধানী বেইজিং।
ব্যয়বহুল শহরের শীর্ষ দশে থাকা বেশির ভাগ শহরে (হংকং বাদে) যেখানে ১ লিটার জ্বালানি তেলের মূল্য ১ ডলার, সেখানে হংকংয়ে তা ১ ডলার ৮০ সেন্ট। মার্সারের তথ্য অনুযায়ী, হংকংয়ে তিন কক্ষবিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ১২ হাজার ৭৭ ডলার। এক জোড়া জিনসের কাপড় কিনতে খরচ হয় ১২৮ ডলার আর একটি বার্গার খেতে খরচ হবে ৫ ডলার।
লুয়ান্ডায় বিদেশি নাগরিকদের জন্য দুই কক্ষের একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬ হাজার ৭০০ ডলার বা ৫ লাখ ৩৬ হাজার টাকা। তবে দেশটির স্থানীয় নাগরিকদের জন্য এ ভাড়া মাত্র ২০০ ডলার বা ১৬ হাজার টাকা। জ্বালানি তেলভিত্তিক উদীয়মান অর্থনীতির দেশ হওয়ায় লুয়ান্ডায় এখন অনেক বিদেশি নাগরিক কাজ করেন। শহরটিতে সে তুলনায় মানসম্পন্ন অ্যাপার্টমেন্ট না থাকার কারণেই বাড়িভাড়া এত বেশি।
এদিকে ব্যয়বহুল শহরের তালিকায় সবচেয়ে বেশি অবনমন হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর। শহরটি ব্যয়বহুল শহরের তালিকায় ১৭ নম্বর থেকে ৬৭ নম্বরে চলে গেছে।
পেশাগত দায়িত্ব পালনের জন্য একজন ব্যক্তির একটি শহরে বসবাসের খরচের ওপর ভিত্তি করেই এ তালিকা তৈরি করা হয়। এবারের তালিকায় বিশ্বের ২০৯টি শহরে বসবাসের খরচের তথ্য যুক্ত করা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের মাসিক বেতন নির্ধারণে এই তালিকা ব্যবহার করে।
ব্যয়বহুল শহরের পাশাপাশি সবচেয়ে সস্তা ১০টি শহরেরও একটি তালিকা করেছে মার্সার। তাতে এক নম্বরে রয়েছে আফ্রিকার দেশ নামিবিয়ার রাজধানী উইন্ডহোক। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও কিরগিজস্তানের রাজধানী বিশকেক।