বিশ্বের শীর্ষ নীতি গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় ৯৮তম বিআইডিএস

বিশ্বের শীর্ষ ১৫০টি নীতি গবেষণাপ্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ৯৮তম অবস্থানে রয়েছে। এই তালিকায় প্রথম নামটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ব্রুকিং ইনস্টিটিউশনের। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ২০১২ সালের জন্য বিশ্বের শীর্ষ নীতি গবেষণাপ্রতিষ্ঠানের যে সূচক বা তালিকা প্রকাশ করেছে, তাতে এই তথ্য পাওয়া গেছে। ‘২০১২ গ্লোবাল গো টু থিং ট্যাংক ইনডেক্স’ শিরোনামে এই প্রতিবেদনে বৈশ্বিক ও আঞ্চলিকভিত্তিকে গবেষণাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। থিংক ট্যাংক বলতে মোটা দাগে বিভিন্ন বিষয়ে নীতি গবেষণা ও তার সপক্ষে প্রচারণার (অ্যাডভোকেসি) কাজ করে থাকে যেসব প্রতিষ্ঠানকে বোঝানো হয়। শীর্ষ ১৫০টি নীতি গবেষণাপ্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশ থেকে বিআইডিএস ছাড়া অন্য কোনো গবেষণাপ্রতিষ্ঠান স্থান পায়নি। এই তালিকায় ভারতের চারটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে সবগুলোর অবস্থানই বিআইডিএসের পরে। আবার এশিয়ার শীর্ষ ৪০টি নীতি গবেষণাপ্রতিষ্ঠানের তালিকায় বিআইডিএস ১৫তম অবস্থানে। অবশ্য এখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতকে বাদ রাখা হয়েছে। ২০১১ সালে এই তালিকায় বিআইডিএস ছিল ২৯তম অবস্থানে। এ ছাড়া ২০১২ সালে বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক নীতি গবেষণাপ্রতিষ্ঠানের তালিকায় বিআইডিএস ২৮তম স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশ থেকে আরেকটি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। সেটি হলো সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যার অবস্থান ৭৪তম। অন্যদিকে বিশ্বের শীর্ষ ৫০টি সামাজিক নীতি গবেষণাপ্রতিষ্ঠানের তালিকায় ব্র্যাকের (বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি) নাম রয়েছে ৩৬তম অবস্থানে। উল্লেখ্য, এই তালিকা প্রণয়নের জন্য ১৮২টি দেশ থেকে ছয় হাজার ৬০৩টি প্রতিষ্ঠানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এদের থেকে এক হাজার ৬৪৭টি প্রতিষ্ঠান মনোনীত হয়। আর চূড়ান্ত পর্যায়ে ১৭টি প্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।