
বিশ্বের বৃহৎ দুই কোম্পানি এক হচ্ছে। সিমেন্ট খাতের এই দুই জায়ান্ট বহুজাতিক প্রতিষ্ঠান হচ্ছে হোলসিম ও লাফার্জ। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে কোম্পানি দুটি।
উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ এরই মধ্যে একীভূতকরণের সিদ্ধান্তও অনুমোদন করেছে। একীভূতকরণের পর দুটি কোম্পানি ‘লাফার্জহোলসিম’ নাম নিয়ে ব্যবসা করবে।
সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক খবরের শিরোনাম হয়ে উঠে আসছে এই সংবাদটি। ফ্রান্সভিত্তিক কোম্পানি লাফার্জ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একীভূতকরণের বিষয়টিও নিশ্চিত করেছে।
বাংলাদেশেও এই দুই কোম্পানির বড় বাজার শেয়ার রয়েছে। এখানে উৎপাদনও হয় বড় আকারে। বিশ্বের ছোট-বড় প্রায় সব শেয়ারবাজারের মতো বাংলাদেশের শেয়ারবাজারেও এই সংবাদে চাঞ্চল্য দেখা দিয়েছে।
লাফার্জ ও হোলসিমের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের প্রথমার্ধের মধ্যে একীভূতকরণের কার্যক্রম সম্পন্ন করা হবে। একীভূত কোম্পানির চেয়ারম্যান হবেন হোলসিমের বর্তমান পরিচালক ভলফগ্যাং রাইটজেল আর প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন লাফার্জের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুনো লাফঁত। দুটি কোম্পানির সমন্বয়ে নতুন যে কোম্পানিটি গঠন হবে, সেটির পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ১৪ জন। এর মধ্যে উভয় প্রতিষ্ঠানের সাতজন করে প্রতিনিধি থাকবেন।
কোম্পানি দুটির মালিকানার বিনিময় নির্ধারণ করা হয়েছে এক অনুপাত এক (১ঃ ১)। অর্থাৎ হোলসিমের একটি শেয়ার ও লাফার্জের একটি শেয়ারের মূল্যমান সমান।
হোলসিম সুইজারল্যান্ড ও লাফার্জ প্যারিসভিত্তিক কোম্পানি। বিশ্বের ৬৪টি দেশে লাফার্জের ও ৭০টি দেশে হোলসিমের কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও এই দুটি কোম্পানির কার্যক্রম রয়েছে।
তবে লাফার্জ সুরমা সিমেন্ট বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও হোলসিম তালিকাভুক্ত নয়। একীভূতকরণের খবরে গত রোববার শেয়ারবাজারে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে।
জানতে চাইলে লাফার্জ সুরমা সিমেন্টের (বাংলাদেশ) পরিচালক (অর্থ) মাসুদ খান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে কোম্পানি দুটি একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে এটা কীভাবে কার্যকর হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আশা করছি, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার আগে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিষয়ে যথাযথ আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ’
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটির একত্র বাজারমূল্য দাঁড়াবে সাড়ে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।
এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনেও বলা হয়েছে, বিশ্বের সেরা চার ধনী (বিলিয়নিয়ার্স) কোম্পানি দুটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন।